তেলিয়ামুড়া ডেস্ক, ২৩ সেপ্টেম্বর।।
তেলিয়ামুড়া থানা এলাকার জয়নগরের বাসিন্দা প্রণয় দে ওরফে জুন। গত বিশ্বকর্মা পূজার আগের রাতে মাইগঙ্গা এলাকা থেকে উদ্ধার হয়েছিল তার রক্তাক্ত নিথর দেহ।প্রাথমিক অবস্থায় ঘটনাটিকে একটি সড়ক দুর্ঘটনা বলে মনে করা হলেও, ঘটনার আসল অন্ধকার উদঘাটন হয় যখন তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পিতা প্রদীপ দে। তাঁর সাফ দাবি— এটি কোন দুর্ঘটনা নয়, জুনকে নৃশংসভাবে খুন করা হয়েছে!
মৃত যুবকের পিতার সেই চাঞ্চল্যকর অভিযোগের পরই তদন্তের চাকা ঘুরে দ্রুত গতিতে। বুধবার মাইগঙ্গা এলাকায় পৌঁছায় পুলিশের বিশেষ ফরেনসিক টিম। পুরো এলাকা খুঁটিয়ে পর্যবেক্ষণ করেন ফরেনসিক বিশারদরা। ফিতা দিয়ে মেপে, নিখুঁতভাবে পরীক্ষা করে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয় একাধিক গুরুত্বপূর্ণ ফরেনসিক নমুনা।
এখন সবার নজর ফরেনসিক রিপোর্টের দিকে। ফরেনসিক বিশেষজ্ঞদের এই নমুনা রিপোর্টই কি খুলে দেবে জুন হত্যাকাণ্ডের আসল রহস্যের জোর বাঁধানো গিঁট? কারা জড়িয়ে এই রহস্যময় ঘটনার পেছনে? পুলিশের নিরপেক্ষ তদন্ত আর ফরেনসিক রিপোর্টই এবার এনে দিতে পারে সঠিক জবাব!

