তেলিয়ামুড়া ডেস্ক, ১২ অক্টোবর।।
দূর্গা পূজার অব্যবহিত পরেই পুর নির্বাচনে ঢাকে কাঠি পড়বে। আর এই নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি সংহতকরনে নজর দিয়েছে শাসক দল বিজেপি।আসন্ন রাজনৈতিক কর্মসূচি ও সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে তেলিয়ামুড়া টাউন হলে সোমবার তেলিয়ামুড়া মণ্ডলের আয়োজনে অনুষ্ঠিত হলো গুরুত্বপূর্ণ সভা। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, স্থানীয় বিধায়ক কল্যাণী সাহা রায়, কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, রাজ্য নেতৃত্ব তাপস মজুমদার, এবং খোয়াই জেলা বিজেপি সভাপতি সমীর দাস সহ অন্যান্যরা।এদিন বৈঠকে সভাপতিত্ব করেন তেলিয়ামুড়া মণ্ডল সভাপতি অচিন্ত্য ভট্টাচার্যী। সূত্রের খবর, দলের তৃণমূল স্তরের সংগঠনকে আরও বেশি শক্তিশালী করা, বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কাজকর্মকে ত্বরান্বিত করা এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ মানুষের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার রূপরেখা তৈরি করতেই এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন।এদিনের বৈঠকে উপস্থিত নেতৃত্বরা কর্মীদের মধ্যে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান এবং আসন্ন দিনগুলোতে সাংগঠনিক কর্মসূচি কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

