ডেস্ক রিপোর্টার, ৮ অক্টোবর।।
    মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবীতে দিল্লিতে কংগ্রেসের আন্দোলন চলছে। যার আঁচ এবার  পড়ল রাজ্যে।
বৃহস্পতিবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবিতে আগরতলায় এক  মিছিল ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে প্রদেশ কংগ্রেস।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী,এদিন আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে প্রদেশ কংগ্রেসের মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের দিকে এগিয়ে যায়।জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ মিছিলের গতি রোধ করে। এরপরেই কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের তীব্র ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতির সামাল দিতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে জলকামান ব্যবহার করতে হয়।
    বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কেন্দ্রের শাসকদল ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন। তিনি জানান, ‘সংবিধান বাঁচাও’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির নিরপেক্ষতা রক্ষা করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ তুলে ধরা।মোদী-শাহ’র পুলিশ যেভাবে বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ শীর্ষ নেতৃত্বকে রোখার জন্য স্বৈরাচারী মানসিকতার পরিচয় দিচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ধরনের অগণতান্ত্রিক শাসন চালিয়ে মোদী-শাহ নিজেদের রক্ষা করতে পারবেন না, আর জ্ঞানেশ কুমারকেও বাঁচাতে পারবেন না। জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতেই হবে—এর কোনো বিকল্প নেই।
এদিনের এই কর্মসূচিতে বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক গোপাল রায় সহ কংগ্রেসের একাধিক প্রদেশ কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।তবে এদিনের কর্মসূচিতে বিধায়ক বিরজিত সিনহাকে দেখতে পাওয়া যায়নি, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।
সে যাই হোক,আসন্ন পৌরসভা নির্বাচনের ঠিক মুখেই রাজধানীর বুকে কংগ্রেসের এই  আন্দোলন দলের সাংগঠনিক শক্তির গুরুত্বপূর্ণ মহড়া হিসেবেই দেখছে রাজ্য রাজনৈতিক মহল।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *