ডেস্ক রিপোর্টার, ১৬ অক্টোবর।।
রাজ্যবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে জিবি হাসপাতালের ৬৬তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় যুক্ত হলো একাধিক অত্যাধুনিক ও জীবনদায়ী পরিকাঠামো।বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার হাত ধরে উদ্বোধিত এই পরিষেবাগুলি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন সকালে হাসপাতালের সুপার স্পেশালিটি ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং সন্ধ্যায় কেএলএস অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিন সুপার স্পেশালিটি ব্লকে প্রায় ১০ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই অত্যাধুনিক ক্যাথল্যাবটি হৃদরোগ চিকিৎসায় এক বিপ্লব ঘটাবে বলে আশা করা হচ্ছে।তাছাড়া ৩ কোটি ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ইন্টিগ্রেটেড সার্ভিস ল্যাবরেটরি এই আধুনিক পরীক্ষাগারে মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এবং প্যাথলজি পরিষেবা এক ছাদের নিচে নিয়ে আসা হয়েছে, যার ফলে অতি দ্রুত ও নিখুঁত রোগ নির্ণয় সম্ভব হবে।এছাড়া এন এইচ -১ বিল্ডিংয়ে ১২ শয্যাবিশিষ্ট সার্জিক্যাল আইসিইউ।এবং এইচডিএফসি ব্যাংকের সহযোগিতায় ১৪ শয্যাবিশিষ্ট মেডিকেল আইসিইউ এর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আগামী দিনে রাজ্যে আরও মেডিকেল কলেজ স্থাপিত হবে বলে জোর আশাবাদ ব্যক্ত করেন।
চিকিৎসকদের মতে, এই নতুন চিকিৎসা পরিকাঠামো এবং আধুনিক পরিষেবাগুলি চালু হওয়ার ফলে সংকটাপন্ন রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা দেওয়া এখন অনেক সহজ হবে। এর ফলে ত্রিপুরার রোগীদের সামান্য চিকিৎসার জন্য অন্য রাজ্যে রেফার করার প্রবণতা অনেকটাই হ্রাস পাবে বলে আশা করছেন সচেতন মহল।

