।।সমীরণ রায়।।

                            _______________

ঢাকা ডেস্ক,১৮ অক্টোবর ।।

আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। এ সময় ওই এয়ার অ্যাম্বুলেন্সে থাকা অসুস্থ নারী অঞ্জনা ভৌমিককে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের সিনিয়র অফিসার মহম্মদ রিয়াজ উদ্দিন জানান, এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তাঁর সঙ্গে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। তাঁদের সবার জাতীয়তা ভারতীয় বলে যাত্রীতালিকায় উল্লেখ রয়েছে।

যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেডের। আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করা এয়ার অ্যাম্বুলেন্সটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

জানা গেছে, মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে যাওয়ার পর পাইলট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে মাঝ আকাশে এয়ার অ্যাম্বুলেন্সটির দরজা খুলে গিয়েছিল, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। একইভাবে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *