ডেস্ক রিপোর্টার,১ লা নভেম্বর।।

পুর নির্বাচনের দিনক্ষণ বা নির্ঘন্ট ঘোষণার পর দুই দিন কেটে গেলেও আসন্ন পুরভোটে আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি শাসক দলীয় জোট। তবে যৌথ লড়াইয়ের বার্তা দিতে রবিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মুখোমুখি হন রাজ্য এনডিএ-র দুই বড় শরিক দল—বিজেপি ও তিপ্রা মথা।রবিবারের এই হাই-ভোল্টেজ বৈঠকে বিজেপির তরফে নেতৃত্ব দেন রাজ্য মন্ত্রিসভার প্রবীণ মন্ত্রী রতনলাল নাথ এবং বিজেপি নেতা বিপিন দেববর্মা। অন্যদিকে, তিপ্রা মথার প্রতিনিধিত্ব করেন মন্ত্রী বৃষকেতু দেববর্মা, বিধায়ক রনজিৎ দেববর্মা, পূর্ণচন্দ্র জমাতিয়া এবং দলীয় নেতা প্রশান্ত সিনহা।বৈঠক শেষে যৌথ লড়াইয়ের বিষয়ে ইতিবাচক বার্তা দেন মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, আসন্ন আগরতলা পুরনিগম সহ রাজ্যের সমস্ত পুরপরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে এনডিএ জোটের সমস্ত শরিক দলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে বলেও দাবি করেন তিনি।

তবে আসন সমঝোতা নিয়ে বরফ যে পুরোপুরি গলেনি, তা স্পষ্ট হয়েছে তিপ্রা মথা নেতৃত্বের কথায়। বৈঠক শেষে তিপ্রা মথার বিধায়ক রনজিৎ দেববর্মা জানান, রবিবারের আলোচনায় আসন সমঝোতা এবং মথার পক্ষ থেকে রাখা প্রস্তাবগুলো নিয়ে বিস্তারিত কথা হয়েছে। এই প্রস্তাবগুলি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সোমবার রাতের মধ্যেই বিজেপির কাছে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, জোটে তিপ্রা মথাকে ‘সম্মানজনক আসন’ দেওয়া হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আসন্ন পুর নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৬ নভেম্বর। হাতে আর মাত্র কয়েকদিন সময় থাকায় আসন ভাগাভাগি দ্রুত চূড়ান্ত করা নিয়ে কিছুটা চাপের মুখেই রয়েছে এনডিএ নেতৃত্ব। তবে রবিবারের বৈঠকের পর এটা স্পষ্ট যে, আসন সমঝোতার জটিলতা কাটিয়ে আসন্ন পুরভোটে পদ্ম ও মথা একসঙ্গেই ময়দানে নামতে চলেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *