ডেস্ক রিপোর্টার,৩১ অক্টোবর।।
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগরতলার এ.ডি. নগর পুলিশ লাইন গ্রাউন্ডে পালিত হলো জাতীয় ঐক্য দিবস। ভারতের লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৩১ অক্টোবর এই দিনটি সারা দেশের সাথে রাজ্যেও জাতীয় ঐক্য দিবস হিসেবে উদযাপন করা হয়।শনিবার আয়োজিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসন ও ত্রিপুরা পুলিশ বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা।
অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। এরপর জাতীয় ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরে বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ ও প্যারেড প্রদর্শন করা হয়। সুশৃঙ্খল প্যারেডের মাধ্যমে দেশের ঐক্য, সংহতি, শৃঙ্খলা ও দেশপ্রেমের বার্তা উজ্জ্বল হয়ে ওঠে।
সর্দার বল্লভভাই প্যাটেলের অসামান্য অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে জাতীয় ঐক্য দিবসের মূল লক্ষ্য হলো দেশের অখণ্ডতা, সংহতি ও ঐক্যের আদর্শকে আরও সুদৃঢ় করা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এই মহান আদর্শকে সামনে রেখে দেশ তথা রাজ্যের শান্তিশৃঙ্খলা ও ঐক্য বজায় রাখার জোরালো আহ্বান জানান।
সর্ব্বোপরি এ.ডি. নগর পুলিশ লাইনে জাতীয় ঐক্য দিবস পালন, দেশের অখণ্ডতা রক্ষায় মুখ্যমন্ত্রীর বার্তা।সর্দার প্যাটেলের জন্মজয়ন্তীতে আগরতলায় জাঁকজমকপূর্ণ প্যারেড, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা।

