ডেস্ক রিপোর্টার, ৫ নভেম্বর।।
আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ শাসকদল বিজেপি। আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের দলীয় প্রার্থীদের জয়ের মনোবল বাড়াতে এবং নির্বাচনী কৌশল নির্ধারণে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় আয়োজিত হলো এক বিশেষ সাংগঠনিক বৈঠক ও সংবর্ধনা সভা।
সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলার মেয়র দীপক মজুমদার এবং প্রদেশ বিজেপির প্রভারি সহ অন্যান্য শীর্ষস্তরের দলীয় নেতৃত্ব।
অনুষ্ঠানের শুরুতেই আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থীদের উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় এবং নির্বাচনী লড়াইয়ের শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
বৈঠক থেকে দলীয় নেতৃত্বের মূল বার্তা ছিল একটাই— সর্বশক্তি দিয়ে নির্বাচনী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজ্য সরকারের জনকল্যাণমুখী উন্নয়নমূলক কাজ, পুর নিগমের সাফল্য এবং দলের মূল ভাবধারা প্রতিটি ভোটারের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয় প্রার্থীদের।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ৫১টি ওয়ার্ডেই জয়ের লক্ষ্য স্থির রেখে প্রার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং ঐক্যবদ্ধ প্রচার সুনিশ্চিত করতেই বিজেপির এই কৌশল নির্ধারণী কর্মসূচি। নিগম নির্বাচনে ‘৫১-এ ৫১’ আসন ছিনিয়ে নেওয়ার লক্ষ্য নিয়ে এখন থেকেই পুরোদমে নির্বাচনী ময়দানে কোমর বেঁধে নামছেন শাসকদলের প্রার্থীরা।

