খোয়াই ডেস্ক, ৫ নভেম্বর।।
     আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বৃহস্পতিবার খোয়াই বিজেপি মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল ও র‍্যালির আয়োজন করা হয়। দলীয় নেতৃত্ব, বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং কর্মী-সমর্থকদের উপস্থিতিতে মিছিলটি খোয়াই শহরের রাজপথ পরিক্রমা করে নির্বাচনী আবহকে আরও সরগরম করে তোলে।
এদিন খোয়াই বিজেপি মণ্ডল কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রথমে খোয়াই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে সুভাষ পার্ক বাজার এলাকায় পৌঁছায়। সেখান থেকে নিপেন চক্রবর্তী এভিনিউ হয়ে মিছিলটি এগিয়ে যায় খোয়াই অফিস টিলায় অবস্থিত মহকুমা শাসকের (SDM) কার্যালয়ের উদ্দেশ্যে। দলীয় পতাকা, স্লোগান এবং কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা শহরজুড়ে এক নির্বাচনী পরিবেশের সৃষ্টি হয়।
পরবর্তীতে মিছিলটি SDM অফিস চত্বরে পৌঁছালে মনোনয়নপত্র দাখিলের জন্য বিজেপির প্রার্থীরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করেন। আসন্ন পুর পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার এই কর্মসূচিকে ঘিরে বিজেপি শিবিরে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপির ত্রিপুরা প্রদেশ সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি নেতৃত্ব তাপস দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও অসংখ্য কার্যকর্তা।
দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে বিজেপি তাদের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রস্তুতির পরিচয় দেওয়ার চেষ্টা করে। মনোনয়নপত্র দাখিলের এই কর্মসূচিকে ঘিরে খোয়াই শহরের রাজনৈতিক মহলেও নতুন করে নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।
এখন দেখার বিষয়, আসন্ন খোয়াই পুর পরিষদ নির্বাচনে শহরের ১৫টি ওয়ার্ডে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত কোন দল কতটা জনসমর্থন নিজেদের পক্ষে টানতে সক্ষম হয়। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই খোয়াই শহরের রাজনৈতিক উত্তাপ বাড়ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *