ডেস্ক রিপোর্টার,৮ নভেম্বর।।
রাজ্যে পুর ভোটের মনোনয়ন জমা ও বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলেও, আসল নাটকের যবনিকা ওঠেনি এখনও। আগামী ১০ নভেম্বর পর্যন্ত চূড়ান্ত সমীকরণ জানা অসম্ভব। কিন্তু ততদিনে রাজ্যের অন্দরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। বিরোধীদের একাংশ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে— যদি বিরোধী ভোট ভাগ হয়ে যায়, তবে তার  সুবিধা চলে যাবে শাসক দল বিজেপির ঝুলিতে।
তাহলে কি এই ভোট-ভাগ আটকাতে হাত মেলাবে বিরোধী শক্তি? বাম এবং কংগ্রেস কি কৌশলগত বোঝাপড়া তৈরি করে একে অপরের শক্তি বাড়াবে? রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছে, বাম-কংগ্রেস জোটের স্পষ্ট রূপ সামনে এলে বিজেপির একচ্ছত্র আধিপত্যকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।
তৃণমূল স্তরে যদি বিরোধী কর্মী-সমর্থকরা এক ছাতার তলায় আসে,তবে ভোটের ফলে বড়সড় রদবদল ঘটতে  পারে।
তবে এই পুর নির্বাচনের অন্যতম রোমাঞ্চকর মোড় লুকিয়ে রয়েছে বিজেপি ও তিপ্রা মথার রসায়নে। অতি সম্প্রতি অনুষ্ঠিত এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে যাদের এক জোট হয়ে লড়াই করতে দেখা গিয়েছিল, সেই বিজেপি ও মথার আসন সমঝোতা নিয়ে আলোচনা শেষ পর্যন্ত অমীমাংসিত থেকে গেল।
জোট হবে-হবে করেও শেষ পর্যন্ত একা লড়ার সিদ্ধান্ত কেন?রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিপ্রা মথা আলাদা লড়াই করায় পুর এলাকা সংলগ্ন এবং উপজাতি অধ্যুষিত কিছু ওয়ার্ডে ত্রিমুখী বা চতুর্মুখী লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। এর ফলে পাহাড়ি ও সমতলের ভোট কাটাকাটির অংক কোন দলের দিকে যাবে, তা নিয়ে তৈরি হয়েছে তীব্র কৌতূহল।
পুর নির্বাচন স্রেফ স্থানীয় স্তরের উন্নয়ন বা প্রতিনিধি বাছার লড়াই নয়। ১০ নভেম্বরের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরেই স্পষ্ট হবে কার শক্তিমত্তা কতটা। তবে একথা নিশ্চিত, এই পুর ভোটের রেজাল্ট শিট দিয়েই আগামী ২০২৮ বিধানসভা নির্বাচনের প্রথম সোপান তৈরি হতে চলেছে। কার সংগঠন কতটা শক্তপোক্ত, বিরোধীদের জোট কতটা টেকসই আর শাসকদলের দুর্গে কোথাও ফাঁক তৈরি হলো কি না— তার উত্তর মিলবে এই ভোটের ফলাফলেই।
তাহলে কি ১০ নভেম্বরের প্রত্যাহার পর্বের পর রাজ্যে নতুন কোনো জোটের রাজনৈতিক চাল ফুটে উঠবে? নাকি বহুমুখী লড়াইয়ের ফায়দা তুলে পদ্ম শিবির আবারও নিজেদের ক্ষমতা জাহির করবে? আর এই পুর ভোটই কি নির্ধারণ করে দেবে আগামী ২০২৮-এর রাজ্য রাজনীতির মূল রূপরেখা?এর উত্তর অবশ্য সময়ই বলবে।



  


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *