ধর্মনগর ডেস্ক, ১৭ নভেম্বর।।
      আসন্ন ধর্মনগর পুরপরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারে গতি বাড়িয়েছে বামফ্রন্ট। মঙ্গলবার ধর্মনগর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী জামিল মহম্মদের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচার চালান দলীয় নেতৃত্ব। এদিনের এই প্রচার কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত। প্রচারে অমিতাভ দত্তের পাশাপাশি উপস্থিত ছিলেন ছাত্র আন্দোলনের নেতা সালমান খান, প্রার্থী জামিল মহম্মদ, প্রাক্তন চেয়ারপার্সন রত্না মাহিষ্য দাস সহ স্থানীয় নেতা, কর্মী ও সমর্থকরা। মহিলা, যুব ও প্রবীণ কর্মীদের উপস্থিতিতে এদিন প্রতিটি বাড়িতে গিয়ে প্রার্থীর পরিচয় ও নির্বাচনী ইস্তেহার তুলে ধরা হয় এবং বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। জনসংযোগ কর্মসূচি চলাকালীন অমিতাভ দত্ত সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ শোনেন। বামফ্রন্ট নেতৃত্বের পক্ষ থেকে ধর্মনগর পুরসভার উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং পানীয় জল, রাস্তাঘাট, নিকাশি, সাফাই ও কর্মসংস্থানের মতো মৌলিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হয়। এই জনসংযোগ কর্মসূচিতে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে। অমিতাভ দত্ত জানান, ধর্মনগরের মানুষ পরিবর্তন চাইছেন এবং বামফ্রন্ট পুরবোর্ডে এলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করবে। আগামী দিনেও শহরের বিভিন্ন এলাকায় এই প্রচার কর্মসূচি আরও জোরদার করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।








Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *