ডেস্ক রিপোর্টার,১৭ নভেম্বর।।
         রাজ্যে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পুরনিগম নির্বাচন নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনার পি কে চক্রবর্তীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি জমা দিয়েছে পাঁচটি বামপন্থী দল। পরবর্তীতে দশরথ দেব ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট আহ্বায়ক মানিক দে, সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্ত এবং সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক ও সিপিআইএমএল লিবারেশনের রাজ্য নেতৃত্ব শাসকদল ও প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন।
এদিন সাংবাদিক সম্মেলনে বামফ্রন্ট নেতৃত্বের পক্ষ থেকে যে প্রধান অভিযোগ ও দাবিগুলো উত্থাপন করা হয়েছে মোহনপুর, শান্তিরবাজার, রাণীরবাজার, জিরানিয়া, কমলপুর ও আমবাসাসহ বিভিন্ন এলাকায় বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা, মনোনয়ন প্রত্যাহারে বাধ্য করা, বাড়িঘর ভাঙচুর এবং আগরতলার বিভিন্ন ওয়ার্ডে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া প্রার্থী ও প্রস্তাবকদের অটো-গাড়ি চলাচল এবং দোকানপাট বন্ধ করে জীবিকায় আঘাত করার অভিযোগও তোলেন রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান মানিক দে।
তাছাড়া বাম নেতৃত্বের দাবি, প্রশাসন ও পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। নির্বাচনী সভার অনুমতি চেয়ে আবেদন করলে পুলিশ রিসিভ কপি দিতে গড়িমসি করছে বলে অভিযোগ তোলা হয়, যদিও কমিশনার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, পাঁচটি পুর ও নগর সংস্থায় প্রার্থীদের নিরাপত্তা সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ডিজির তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন মানিক দে। বিষয়টি নিয়ে পুনরায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে বলে তিনি জানান।এছাড়াও রাজনৈতিক আক্রমণ ও স্বচ্ছতার প্রশ্ন: অতীতের রাজনৈতিক হিংসার দায় বামেদের ওপর চাপানোর চেষ্টার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেন মানিক দে। এছাড়া গত পাঁচ বছরে পুরনিগমের উন্নয়নমূলক কাজ ও আর্থিক ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ না করার অভিযোগও তোলেন তিনি।
এদিন ভোটারদের মধ্যে আস্থা ফেরাতে এবং পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বুথে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বামফ্রন্ট। মানিক দে জানান, এ বিষয়ে এখনও সদর্থক আশ্বাস না মিললেও কমিশনার বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনার কথা জানিয়েছেন। প্রয়োজনে বিশেষ ট্রেন বা বিমানে দ্রুত বাহিনী আনার দাবি জানান তিনি।মোটের উপর বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হলে নির্বাচন প্রহসনে পরিণত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বাম নেতৃত্ব।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *