স্পোর্টস ডেস্ক, ১৭ নভেম্বর।।
প্রত্যাশিতভাবেই ইনিংসে পরাজিত হলো ত্রিপুরা। ব্যাটসম্যানদের ব্যর্থতায় মরশুমের প্রথম ম্যাচেই ভরাডুবি হলো ত্রিপুরার। অনূর্ধ্ব ১৬ বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে। বিজয়ওয়াড়া চুক্কা পল্লী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে ইনিংস এবং ১৫৬ রানে। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ হল ত্রিপুরার ব্যাটসম্যানরা। এক ঝাঁক নবাগত ক্রিকেটার নিয়ে গড়া ত্রিপুরা দলের ক্রিকেটাররা প্রথম ম্যাচে জাতীয় আসরের চাপ নিতেই পারলো না। দ্বিতীয় দিনের শেষেই পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছিল ত্রিপুরার। দেখার ছিল তৃতীয় তথা শেষ দিনে কতটা লড়াই ছুঁড়ে দিতে পারে ত্রিপুরার ব্যাটসম্যানরা। এই দিন মধ্যাহ্নভোজের পরেই গুটিয়ে যায় ত্রিপুরা। পরাজিত হয় ইনিংস এবং ১৫৬ রানে। দ্বিতীয় দিনের ২ উইকেটে ৫৩ রান নিয়ে খেলতে নেমে সোমবার আরো ১১০ রান যোগ করার ফাঁকে শেষ আটটি উইকেট হারায় ত্রিপুরা। রাজ্য দলের পক্ষে শ্রীমন দেবনাথ ৮৩ বল খেলে ছয়টি বাউন্ডারি সাহায্যে ৩৯, ময়ূখ চৌধুরী ৪৪ বল খেলে দুটি বাউন্ডারিও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২৩, ঋদ্ধিমান দাস ৩৬ বল খেলে তিনটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে ২০, মিনহাজ আহমেদ ৫২ বল খেলে চারটি বাউন্ডারির সাহায্যে ১৭, রাহুল মিয়া ৫৭ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৯ এবং শ্রেষ্ঠাংশু দেব ৩২ বল খেলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করে। ত্রিপুরা ৬৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৩ রান করতে সক্ষম হয়েছে। বড়দার পক্ষে জয় প্যাটেল ৪৬ রানে পাঁচটি এবং মালিকেশ যাদব ৫৩ রানে তিনটি উইকেট দখল করে। ১৯-২১ নভেম্বর ত্রিপুরা দ্বিতীয় ম্যাচ খেলবে আসামের বিরুদ্ধে।

