ডেস্ক রিপোর্টার,১৭ নভেম্বর।।

আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে সরগরম খোয়াই শহর। মঙ্গলবার খোয়াই সুভাষপার্কের কোহিনুর কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিজেপি আয়োজিত এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এই সমাবেশে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধাইকা কল্যাণী সাহা রায় ,জেলা সভাপতি সমীর কুমার দাস, প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস মজুমদার, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, জেলা পরিষদ সভাধিপতি অপর্ণা সিংহ রায় ও মণ্ডল সভাপতি অনুকূল দাসসহ অনান্য নেতৃত্ব।এদিন বক্তব্যের শুরুতেই কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বাম জমানায় খোয়াইয়ের দীপঙ্কর নাথ শর্মা, নৃপেন্দ্র দেবনাথ ও খিতেন্দ্র গোপের মতো কংগ্রেস কর্মীদের ওপর চলা রাজনৈতিক হিংসা ও হত্যার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন তোলেন— একসময় যাদের বিরুদ্ধে অত্যাচার চালানোর অভিযোগ ছিল, আজ কীভাবে সেই বামেদের সঙ্গেই রাজনৈতিক সমঝোতা করল কংগ্রেস? পাশাপাশি খোয়াইয়ের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয়ের জন্যও আগের সরকারকে দায়ী করেন তিনি।

২০১৮ সালে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার পর থেকে উন্নয়নের যে জোয়ার এসেছে, তা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২১টি পৌর সংস্থাতেই বিজেপি জয়লাভ করে বোর্ড গঠন করবে। খোয়াইয়ের সার্বিক উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সাধারণ মানুষকে বিজেপি প্রার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সবমিলিয়ে, বাম-কংগ্রেস জোটের নীতিহীনতার সমালোচনা এবং বিগত সরকারের জমানার সঙ্গে বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের তুলনা টেনে মুখ্যমন্ত্রীর এই প্রচারে খোয়াইয়ের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *