সাব্রুম ডেস্ক, ২০ নভেম্বর।।
     রেলের ওয়াগন দিয়ে পাথর বুকিংয়ের নামে চলছে বড়সড় দুর্নীতি। ঘটনা সাব্রুম রেল স্টেশনে। এই দুর্নীতির চক্রের কালো হাত বেশ লম্বা। রেলের তথ্য অনুযায়ী, করণ দাস নামে এক ব্যক্তির আসামের ডিমা হাসাও থেকে ৪১ ওয়াগন  পাথর বুকিং করে সাব্রুম রেল স্টেশনে নিয়ে আসেন।
অভিযোগ, স্থানীয় একটি সড়ক নির্মাণের জন্য এই পাথর আনা হলেও সরকারি রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে বুকিং নথিতে ‘মেটালস্’-এর উল্লেখ রয়েছে। বাস্তবে করণ দাস এনেছেন বড় বোল্ডার ।
           নিয়ম অনুযায়ী, রাজ্যের চুরাইবাড়ি সহ অন্যান্য রেল ইয়ার্ডে ট্রানজিট পাস অর্থাৎ টিপি- র সাথে পণ্যের অমিল থাকলে পণ্য খালাসের অনুমতি দেওয়া হয় না।বৈধ নথির অভাবে সাব্রুমের বনদপ্তর থেকেও ‘রি-টিপি’ ইস্যু করা হয় না। এমনকি অতীতেও এ ধরনের নথির অভাবে সাব্রুম বনদপ্তর বিপুল পরিমাণ পাথর বাজেয়াপ্ত করেছিল। কিন্তু এখন করণ দাসের ক্ষেত্রে কেন বন দপ্তরের নিয়ম কার্যকর হচ্ছে না। তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা।
     নিয়ম অনুসারে, মালিকপক্ষের কাছে বৈধ টিপি এবং ইলেকট্রনিকলি ট্রান্সমিটেড রেলওয়ে রিসিপ্ট (eT-RR) না থাকলে ওয়াগনের সিল খোলা যায় না।

মিঠুন বিশ্বাস

এ বিষয়ে সাংবাদিকরা সাব্রুম রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সিটিসি মিঠুন বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগ করেন । তিনি সকাল ৯টায় জানান তখনো কোনো eT-RR আসেনি। এমনকি দুপুর ২টা নাগাদ পুনরায় eT-RR দেখানোর কথা বললেও তিনি তা দেখাতে পারেন নি।
    অথচ আশ্চর্যজনকভাবে, এর আগেই রেলের বুগির সিল খুলে শ্রমিকদের দিয়ে বোল্ডারগুলো খালাস করে নেওয়া হয়। বৈধ নথি ছাড়াই কীভাবে এই অনুমতি দেওয়া হলো? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে ! খবর অনুযায়ী, টিপি ও রেল রিসিপ্টে মালিকের নামের অসামঞ্জস্যের কারণেই অনিয়মতান্ত্রিক পথে পণ্য খালাসের চেষ্টা চলছে।


অভিযোগ, সাব্রুম রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিঠুন বিশ্বাস পাথরের মালিকের কাছ থেকে মোটা অঙ্ক পকেটে ঢুকিয়েছেন। এবং দীর্ঘদিন ধরে অনৈতিকভাবে চালিয়ে যাচ্ছেন অবৈধ বাণিজ্য। আর তাতেই লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *