ডেস্ক রিপোর্টার, ২১ জুন।।
লাটে উঠছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। শহর সংলগ্ন রঞ্জিত নগরের কাটাখালের পাড় থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। তার নাম শুভ্রজিত পাল বাড়ি চান্দিনামুড়াতে। পেশায় টাইলস মিস্ত্রি। রবিবার সকালে কাটা খালের পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তকারী পুলিশের প্রাথমিক ধারণা শুভ্রজিৎকে খুন করে আততায়ীরা তার মৃতদেহ কাটাখালের পাড়ে ফেলে দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃত শুভ্রজিৎ পালের ভাই জানিয়েছেন, শনিবার সকালে সে বাড়ি থেকে বেরিয়ে যায় কাজের উদ্দেশ্যে। কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি। রবিবার সকালে খবর পেয়ে তিনি ছুটে আসেন কাটাখালের পাড়ে। এবং দেখতে পান ভাইয়ের মৃতদেহ। তার সন্দেহ, শুভ্রজিৎকে খুন করা হয়েছে। কারণ তার মৃতদেহ কাটাখালের পাড়ে জঙ্গলে যাবে কি করে?
এই ঘটনায় ফের প্রশ্নচিহ্ন উঠছে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। স্থানীয় লোকজনের বক্তব্য রাতের আঁধারে আততায়ীরা শুভ্রজিতের মৃতদেহ ফেলে দিয়েছে কাটাখালের পাড়ে। কিন্তু রাতের শহরে টহলরত পুলিশ কি করেছে?

