নায়ারা এনার্জির মতো বেসরকারি সংস্থা গ্রাহকদের জন্য সুখবর আনলেও রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলি যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে।
ডেস্ক রিপোর্টার, ১ জুলাই।।
জুলাইয়ের প্রথম দিনই স্বস্তি পেট্রোল ও ডিজেলের গ্রাহকদের। দেশের বৃহত্তম বেসরকারি জ্বালানি সংস্থা নায়ারা এনার্জি জ্বালানির দাম কমিয়েছে। ফলে পেট্রোলের দাম কমল ৫ টাকা। পাশাপাশি ডিজেলের দামও লিটার প্রতি ৩ টাকা কমেছে। দু’বছরেরও বেশি সময়ের মধ্যে নায়ারাই দেশের প্রথম জ্বালানি সংস্থা যারা জ্বালানির দাম কমাল।তবে নায়ারা এনার্জির মতো বেসরকারি সংস্থা গ্রাহকদের জন্য সুখবর আনলেও রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থাগুলি যদিও জ্বালানির দাম অপরিবর্তিত রেখেছে। অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তথা আইওসি, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা বিপিসিএল এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড তথা এইচপিসিএলে জ্বালানির দাম যা ছিল তাই রয়েছে।
অপরদিকে জুলাই মাসের শুরুতেই আরও একটি সুখবর। একধাক্কায় অনেকটা কমল বাণিজ্যিক গ্যাসের দাম। ১ জুলাই থেকে আগরতলায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৭৩ টাকা ৫০ পয়সা। ফলে এখন তা দাঁড়িয়েছে ৩ হাজার ৪শ ৬১ টাকা ৫০ পয়সা। পাশাপাশি ১৪ কেজি ২শ গ্রাম এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে। তা ১০৬৮ টাকা।প্রসঙ্গত, ইরান যুদ্ধের পরিস্থিতি সামলে রেস্তরাঁ, হোটেল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য এলপিজি সরবরাহ আগের পর্যায়ে ফিরিয়ে আনাই লক্ষ্য কেন্দ্রের। পশ্চিম এশীয় সংকটের সময় নির্দিষ্ট কিছু খাতে আরোপিত বিধিনিষেধ তুলে নেওয়ার কয়েক দিনের মধ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হল।

