স্পোর্টস ডেস্ক, ৯ নভেম্বর।।
ত্রিপুরা অ্যামেচার কাবাডি অ্যাসোসিয়েশনের সম্প্রতি গঠিত নতুন কমিটিকে ঘিরে তীব্র বিতর্ক ও প্রতিবাদের ঝড় উঠেছে। ক্রীড়াপ্রেমী মানুষ ও খেলোয়াড়দের অভিযোগ, কোনো ধরনের নিয়ম-নীতি ও তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধ, অগণতান্ত্রিক এবং পেছনের দরজা দিয়ে এই কমিটি চাপিয়ে দেওয়া হয়েছে। ক্রীড়া আইন লঙ্ঘন, ভুয়া অবজার্ভার ও ২১ দিনের নোটিশের আইনি বাধ্যবাধকতা না মেনে তড়িঘড়ি করে এই কমিটি ঘোষণার ফলে ত্রিপুরার উদীয়মান খেলোয়াড়দের ভবিষ্যৎ আজ গভীর অন্ধকারের মুখে পড়েছে।
অভিযোগ রয়েছে, বৈঠকে কাউন্সিলের কোনো অনুমোদিত পর্যবেক্ষক না থাকলেও সাহাবাবু নিজেকে ‘কাউন্সিল থেকে প্রেরিত অবজার্ভার’ ও পরবর্তীতে ‘স্পোর্টস সেল কনভেনার’ হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে মিটিংয়ে প্রবেশ করেন। এছাড়া ২১ দিনের আইনি নোটিশ ছাড়াই গোপনে এই কমিটি গঠনের পাশাপাশি আগের ও পরের অডিট রিপোর্টে চরম ফাঁকি এবং অস্বচ্ছ উপায়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ তোলার গুরুতর প্রমাণ পাওয়া গেছে। জেলা ও পূর্ববর্তী এক্সিকিউটিভ কমিটির কোনও মতামত বা বৈধ কাগজপত্র ছাড়াই এই কাগজকলমে তৈরি কাঠামো চাপানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অতীতে খেলোয়াড়দের বঞ্চিত করা এবং নির্দিষ্ট এফআইআরভুক্ত বিতর্কিত ব্যক্তিদের ও দুর্নীতিগ্রস্ত চক্রকে পুনরায় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় বসানোর জন্য এই অপচেষ্টা চলছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন। গত ৩০শে অক্টোবর ও ৬ই নভেম্বর বিভিন্ন মাধ্যমে প্রভাব খাটানোর ও আপস করার চেষ্টা করা হলেও, সভাপতি স্বয়ং উপস্থিত থেকে সোসাইটি রেজিস্টার ডাইরেক্টর অফিস, কাউন্সিল, অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং জাতীয় ফেডারেশনকে এই অবৈধ কমিটি সম্পর্কে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন।
ত্রিপুরার লড়াকু খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী মানুষেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, গায়ের জোরের শাসন বা কোনো সিন্ডিকেটের চোরের রাজত্ব ত্রিপুরায় আর চলতে দেওয়া হবে না। অতীতে অলিম্পিক অ্যাসোসিয়েশন ঘেরাও করে প্রতিবাদের পর যে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা রক্ষা না করায় ক্ষোভ আরও বহুগুণ বেড়েছে। শেষ রক্তবিন্দু দিয়ে এই অবৈধ ব্যবস্থার বিরুদ্ধে আইনি লড়াই ও বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে, এবং সত্য ও ন্যায়ের এই লড়াইয়ে জয় সুনিশ্চিত বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রতিবাদীরা।

