স্পোর্টস ডেস্ক, ২৪ জুন।।
ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার তথা পাঁচ বারের ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়ন কিংবদন্তী দাবাড়ু বিশ্বনাথন আনন্দকে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার ‘এসজেএফআই মেডেল’ তুলে দেয়া হয়। চেন্নাইয়ের ঐতিহ্যবাহী মাদ্রাজ ক্রিকেট ক্লাবের হল ঘরে বিশ্বনাথন আনন্দকে ২২ ক্যারেটের ১৪ গ্রাম এসজেএফআই স্বর্ণ পদক গলায় পড়িয়ে দেন ১৯৮৩-র প্রুডেনসিয়াল ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য তথা প্রাক্তন ভারতীয় অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। অনুষ্ঠানে ছিলেন ১৯৮০ মস্কো অলিম্পিকে স্বর্ণ জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক বাসুদেবন ভাস্করন।
বিশ্বনাথন আনন্দকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন এসজেএফআই-র সভাপতি সরযূ চক্রবর্তী। স্বাগত ভাষনে ফেডারেশনের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি। সুবর্ণ জয়ন্তী বছরে বিশ্বনাথন আনন্দকে স্বর্ণ পদক তুলে দিতে পারে এসজেএফআই গর্বিত বলে তিনি জানান। এছাড়া এসজেএফআই-র স্বর্ণ পদক সহ মানপত্রও তুলে দেয়া হয় কিংবদন্তী দাবাড়ুকে। পরে বক্তব্যে বিশ্বনাথন এই সম্মান প্রদানের জন্য এসজেএফআই ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ক্রীড়া সাংবাদিকরা যে ভাবে খেলোয়াড়দের উৎসাহ দিয়ে থাকে, এর ফলেই জন্ম নেয় তারকা। তিনি নিজেও ছোটবেলায় এভাবে বারবার উৎসাহ পেয়েছেন’। বক্তব্যে কিংবদন্তী ক্রিকেটার শ্রীকান্তও ও হকি তারকা দুজনেই এই উদ্যোগের প্রশংসা করেন। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন এসজেএফআই-এর সচিব ভি. রমেশ। তামিলনাড়ু স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত গুণী জনকে স্মারক তুলে সম্মান জানানো হয়। সোনি টিভি সহ তেলেঙ্গানা সরকার এই আয়োজনে সহায়তার হাত প্রসারিত করেছে।

