ডেস্ক রিপোর্টার,১১ অক্টোবর।।
দিল্লির আন্দোলনের রেশ কি ছড়িয়ে পড়লো রাজ্যেও! ভোটাধিকার রক্ষা, সাংবিধানিক অধিকার, বাক-স্বাধীনতা এবং নারী ও ছাত্র সুরক্ষার জোরালো দাবিতে রবিবার আগরতলা সার্কিট হাউজের সামনে বিক্ষোভ প্রদর্শন করল ‘দ্য সিভিলাইজেশন অ্যাসোসিয়েশন অ্যান্ড ফোরাম’ নামক একটি সংগঠন।
আন্দোলনকারীদের প্রধান বক্তব্য, নির্বাচন কমিশন ও নারী সুরক্ষা সম্পর্কিত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন ও সম্পৃক্ত করাই এই প্রতিবাদের মূল উদ্দেশ্য। বর্তমান পরিস্থিতিতে দেশজুড়ে মহিলাদের ওপর অনভিপ্রেত আচরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগ তোলেন তারা। শিক্ষার্থীদের দাবি শোনার বদলে তাদের আইনবহির্ভূতভাবে আটক বা গ্রেপ্তার করা হচ্ছে এবং এমনকি সংবাদমাধ্যমের ওপরও হস্তক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। শুনুন অন্বেষা দেবের বক্তব্য।
সংগঠনের পক্ষে অন্বেষা দেব জানিয়েছেন, আজকের এই কর্মসূচি বিকেল ৫টা পর্যন্ত চলবে। তবে সাধারণ মানুষ এই বার্তার প্রতি সমর্থন জানিয়ে আগামীকালেও এই প্রতিবাদ বিক্ষোভে সামিল হতে পারেন। সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সুনিশ্চিত করতেই এই বৃহত্তর আন্দোলন গড়ে তুলেছে সংগঠনটি।

