ডেস্ক রিপোর্টার, ৯ নভেম্বর।।
রাজ্যের শাসক দল বিজেপির এক শ্রেণির নেতা – নেত্রীর নৈতিক অধঃপতন কোন জায়গাতে গিয়ে ঠেকেছে? এই কোটি টাকার প্রশ্নের উত্তর খোঁজা দায়।
চলতি বছর ধর্মনগরে অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন প্রসেনজিৎ সরকার নামে এক ডেলিভারি বয়। তার আত্মহত্যার প্ররোচনার দায়ে পুলিশ গ্রেফতার করেছিল ধর্মনগর মধ্য নয়া পাড়ার বাসিন্দা মেঘদ্বীপ ভট্টাচার্য সহ দুই যুবতীকে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নির্দেশে পুলিশ তাদের গ্রেফতার করেছিল।
অবাক করার মতো ঘটনা প্রসেনজিৎ সরকারকে আত্মহত্যার প্ররোচনার দায়ে গ্রেফতার হওয়া মেঘদ্বীপ ভট্টাচার্যকে নিজের কোলে তুলে নিলেন ধর্মনগরে অকালে বিধায়ক হওয়া জহর চক্রবর্তী। ছিঃ ছিঃ। লজ্জা লজ্জা।

আসলে প্রসেনজিৎ সরকার তো বিধায়ক জহর চক্রবর্তীর কেউ ছিলো না। সে ছিলো এক জন ডেলিভারি বয়। তাই তার মৃত্যুতে ধর্মনগরের এক্সিডেন্টশিয়াল বিধায়ক জহর চক্রবর্তীর পাষাণ হৃদয় স্পর্শ করতে পারে নি। বরং প্রসেনজিৎকে মৃত্যুর দরজায় ঠেলে পাঠানো মেঘদ্বীপকে প্রাধান্য দিয়ে নিয়ে এলেন রাজনীতির মঞ্চে। বিধায়ক জহর চক্রবর্তী ঘুর পথে একজন খুনিকে কোলে তুলে যুব রাজনীতির ব্যাটন ধরিয়ে দিলেন। অভিযুক্ত মেঘদ্বীপ ভট্টাচার্যকে ধর্মনগর যুব মোর্চার সম্পাদকের পদে বসিয়ে দিলেন হঠাৎ বিধায়ক জহর।

ঘুরিয়ে বললে মেঘদ্বীপ একজন খুনি। তাহলে তাকে কেন জহর চক্রবর্তী যুব মোর্চার কমিটিতে জায়গা দিলেন? ধর্মনগরের বিজেপির কর্মীদের বক্তব্য, গোটা ঘটনার নেপথ্যে খেলা হয়েছে মোটা অঙ্কের অর্থের।

মেঘদ্বীপের অর্থের সামনে প্রসেনজিৎ সরকারের মৃত্যু খাটো হয়ে যায় হঠাৎ বিধায়ক জহর চক্রবর্তীর কাছে। ছিঃ ছিঃ। বিধায়ক জহরের মনুষ্যত্ব কি একে বারেই লোপ পেয়ে গিয়েছে?

