আগরতলা,২৪ নভেম্বর ।।
ভারতীয় জনতা পার্টির লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা। কাজের নিরিখেই মানুষ আমাদের পাশে রয়েছেন। বিগত পাঁচ বছরে আমাদের কার্যকর্তা ও কর্পোরেটররা খুবই ভালো কাজ করেছেন। কাজেই গতবারের চাইতেও এবার ভোটের মার্জিন আরো বৃদ্ধি পাবে।
আগরতলা পুর নিগমের ২০ নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী রত্না দত্তের হয়ে বাড়ি বাড়ি প্রচারে অংশ নিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এদিন তিনি সূর্য চৌমুহনী রোড ও সেন্ট্রাল রোড এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রার্থীর হয়ে প্রচার করেন।
সংবাদ মাধ্যমকে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রতিদিনই আমার বিধানসভা কেন্দ্র সহ অন্যান্য এলাকার ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের সমর্থনে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। ডোর টু ডোর কার্যক্রমে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। আর এটা খুবই প্রয়োজন। মানুষের ঘরে ঘরে গেলে মানুষ সন্তুষ্টি লাভ করেন। সেই ধারাকে অব্যাহত রেখে আমরা মানুষের বাড়িতে যাচ্ছি এবং তাদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।
মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীও একজন মানুষ। আমি নিজে একজন পার্টির কার্যকর্তা। কিন্তু দীর্ঘ ২০ বছরেও আমরা পূর্বতন মুখ্যমন্ত্রীকে কারোর বাড়ি বাড়ি যেতে দেখিনি। কিন্তু গতবার উনি এক কংগ্রেস প্রার্থীর সমর্থনে আমাকে দেখে বিভিন্ন জায়গায় ডোর টু ডোর করেছেন। যদিও গুণে গুণে ৮/১০টি বাড়ি হবে।
ডাঃ সাহা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের পাশে থাকা। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী তো যাবেনই। এতে কারোর গাত্রদাহ হওয়ার কথা নয়। কাজের নিরিখেই মানুষ আমাদের পাশে রয়েছেন। বিগত পাঁচ বছরে আমাদের কার্যকর্তা ও কর্পোরেটররা খুবই ভালো কাজ করেছেন। এই ২০ নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রত্না দত্তের কাজে খুবই খুশি এই অঞ্চলের মানুষ। কিন্তু মানুষের আরো আশা রয়েছে। আগামীদিনে আরো যাতে ভালো কাজ হয় সেদিকে নজর দেবেন আমাদের কর্পোরেটররা। ভোটারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ২৭ তারিখ সকাল সকাল এসে পদ্ম চিহ্নের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন। দেশ ও রাজ্যকে বাঁচাতে হলে এবং নিরাপদে থাকতে হলে ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই।

