তেলিয়ামুড়া ডেস্ক, ২৪ নভেম্বর।।
       তেলিয়ামুড়া পুরপরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারে নেমেছে ভারতীয় জনতা যুব মোর্চা। মঙ্গলবার তেলিয়ামুড়ার বিভিন্ন ওয়ার্ডে পদযাত্রা করেন যুব মোর্চার কর্মী-সমর্থকরা। পদযাত্রায় উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়।
           পদযাত্রায় উপস্থিত ছিলেন আগরতলা থেকে আসা সহ-প্রভারি সহ দলের স্থানীয় নেতৃত্ব। প্রচার চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেত্রী কল্যাণী সাহা রায় বলেন, যুব মোর্চা রাজ্য জুড়ে সক্রিয়ভাবে কাজ করছে।তিনি দাবি করেন, পুর পরিষদের ৪টি আসনে তাঁদের দল ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। বাকি ১১টি ওয়ার্ডেও তাঁদের প্রার্থীরা জয়ী হবেন। বেজে উঠবে বিজয়ের শঙ্খনাদ।
   বিরোধী দলগুলির সমালোচনা করে তিনি বলেন, বিরোধীরা মাঠে না থেকে সামাজিক মাধ্যমে সক্রিয়। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন। আয়ুষ্মান ভারত, বিনামূল্যে রেশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা, সামাজিক ভাতা বৃদ্ধি, কর্মচারীদের ডিএ বৃদ্ধির মতো বিষয়গুলি তিনি উল্লেখ করেন।কংগ্রেস-সিপিএমের জোট প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন। তাঁর অভিযোগ, অতীতে রাজ্যে হিংসা ও অশান্তির পরিবেশ ছিল। বর্তমানে রাজ্যে শান্তি বজায় রয়েছে বলে তিনি দাবি করেন।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *