গন্ডাছড়া ডেস্ক,২৪ নভেম্বর।।

গন্ডাছড়া মহকুমার আনন্দ মোহন রোয়াজা ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণি (বিদ্যাজ্যোতি) বিদ্যালয়ের মর্নিং সেকশনে শিক্ষক সংকটকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও অভিভাবিকারা। তাঁদের অভিযোগ, নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট আটটি ক্লাসের জন্য বর্তমানে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। তাঁদের মধ্যেও অধিকাংশেরই অবসর গ্রহণের সময় ঘনিয়ে এসেছে। অন্যদিকে, ইংলিশ মিডিয়াম স্কুল হওয়া সত্ত্বেও বিদ্যালয়ে ইংরেজি ব্যাকগ্রাউন্ডের কোনও শিক্ষক নেই। বাংলা মিডিয়ামের শিক্ষক দিয়ে ইংলিশ মিডিয়ামের পড়াশোনা পরিচালনা করতে হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের।

অভিভাবকদের আরও অভিযোগ, এই শিক্ষক সংকটের বিষয়টি গন্ডাতৈছা মহকুমার স্কুল পরিদর্শক শ্রী থাইসা মগকে বারবার জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এই পরিস্থিতিতে আজ সমস্ত অভিভাবক ও অভিভাবিকারা একত্রিত হয়ে গন্ডাতৈছা মহকুমা শাসক শ্রী অভিজিৎ সিং যাদব (IAS)-এর কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপির মাধ্যমে তাঁরা কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেন।

অভিভাবকদের মূল দাবিগুলি হলো—

১। আগামী সাত দিনের মধ্যে বিদ্যালয়ের মর্নিং সেকশনে জরুরি ভিত্তিতে ইংরেজি ব্যাকগ্রাউন্ডের ১০ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে।

২। শিক্ষক স্বল্পতার কারণে বর্তমানে ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তাই অবিলম্বে শিক্ষক সংকটের সমাধান করতে হবে।

৩। বিদ্যালয়ের পানীয় জলে আয়রনের সমস্যা রয়েছে বলে অভিযোগ। এর ফলে মাঝেমধ্যে মিড-ডে মিল খাওয়ার পর কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে বলে দাবি অভিভাবকদের। বিষয়টি স্কুল পরিদর্শককে জানানো সত্ত্বেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

এছাড়াও অভিভাবকদের অভিযোগ, বিদ্যাজ্যোতি স্কুলে আয়া, ড্রামা, ড্রয়িং ও ডান্সের শিক্ষক-শিক্ষিকাদের কাগজে-কলমে নিয়োগ থাকলেও তাঁদের অনেককেই নিয়মিত বিদ্যালয়ে দেখা যায় না।

অভিভাবক ও অভিভাবিকারা স্পষ্টভাবে জানিয়ে দেন, আগামী সাত দিনের মধ্যে মর্নিং সেকশনে ১০ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ না করা হলে তাঁরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া অথবা রাস্তা অবরোধের মতো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। প্রয়োজনে এই আন্দোলনে ছাত্রছাত্রীরাও অভিভাবকদের সঙ্গে অংশগ্রহণ করবে বলে জানানো হয়েছে।

এখন দেখার বিষয়, অভিভাবকদের এই স্মারকলিপির পরিপ্রেক্ষিতে গন্ডাতৈছা মহকুমা শাসক শ্রী অভিজিৎ সিং যাদব (IAS) এবং ত্রিপুরা শিক্ষা দপ্তর আগামী সাত দিনের মধ্যে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেন। নাকি অভিভাবকদের দাবিগুলি শুধুই প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? সাত দিন পর কি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন অভিভাবক ও অভিভাবিকারা? এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবক মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *