কংগ্রেস নেতৃত্বের দাবি, দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনা এবং গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থেই তাদের এই পদক্ষেপ। নির্বাচনী ব্যবস্থার ওপর জনগণের আস্থা ফিরিয়ে না আসা পর্যন্ত কংগ্রেসের এই প্রতিবাদ আন্দোলন আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান মুখপাত্র।
ডেস্ক রিপোর্টার,২৮ অক্টোবর।।
স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করা, EVM এর পরিবর্তে ব্যালট পেপারের মাধ্যমে নির্বাচন পরিচালনা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের বড়সড় আন্দোলনের পথে হাঁটছে কংগ্রেস। এই তিন দফা দাবিকে সামনে রেখে রাজ্য ও জাতীয় স্তরে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস কমিটি।বুধবার আগরতলাস্থিত প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দলের এই অবস্থানের কথা স্পষ্ট করেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।এদিন
সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, নির্বাচন কমিশনের ‘পক্ষপাতমূলক’ ও ‘স্বচ্ছতাহীন’ কার্যকলাপের প্রতিবাদে ৩০ অক্টোবর রাজ্যে রাজ্যব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।তাছাড়া ১ নভেম্বর রাজধানী নতুন দিল্লিতে জাতীয় স্তরে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।এদিন প্রবীর চক্রবর্তী অভিযোগ করেন, বর্তমান নির্বাচন কমিশনের নির্বাচনী পরিচালনা পদ্ধতিতে মৌলিক পরিবর্তনের প্রয়োজন রয়েছে। বিশেষ করে নির্বাচন কমিশনারদের যে ধরনের বিশেষ আইনি সুরক্ষা দেওয়া হয়েছে, গণতান্ত্রিক কাঠামোর সুরক্ষায় তার সংস্কার ও পরিবর্তন দাবি করেন তিনি।তাছাড়া বিজেপি রাজনৈতিক স্বার্থে নানাবিধ ষড়যন্ত্রের মাধ্যমে কংগ্রেসকে দুর্বল করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই ধরনের আক্রমণে কংগ্রেস পিছু হটবে না, বরং আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে।