ডেস্ক রিপোর্টার,৩ নভেম্বর।।
শহরের হ্যাপিয়েস্ট আওয়ার – বার এন্ড রেস্টুরেন্ট ইস্যুতে ব্যাকফুটে পশ্চিম জেলা প্রশাসন। হাইকোর্টের নির্দেশে ব্যাটন হাতে পেয়ে গেলো হ্যাপিয়েস্ট আওয়ার কর্তৃপক্ষ। গত ১৬ সেপ্টেম্বর জেলা শাসকের নির্দেশ মূল হ্যাপিয়েস্ট আওয়ারের এক্সসাইস বিভাগের দেওয়া বারের লাইসেন্স বাতিল করে দিয়েছিলেন জেলা শাসক।
জেলা শাসকের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে হ্যাপিয়েস্ট আওয়ারের মালিক গৌতম দেবনাথ ত্রিপুরা উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছিলেন গত ৩০ ও ৩১ অক্টোবর ত্রিপুরা হাইকোর্টে গৌতম দেবনাথের করা রিট পিটিশনের শুনানী হয়। সোমবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করে। হাইকোর্টের বিচারক তাঁর রায় দানে জানিয়ে দেন, হ্যাপিয়েস্ট আওয়ারের বারের লাইসেন্স বাতিল যুক্তি সঙ্গত নয়।অর্থাৎ আদালত বারের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত খারিজ করে দেয়। এবং পুনরায় হ্যাপিয়েস্ট আওয়ারকে বারের ব্যবসা করার অনুমতি দিয়েছে।জানিয়েছেন, হ্যাপিয়েস্ট আওয়ারের পক্ষে আদালতে সওয়াল করা আইনজীবী।
আইন বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, হ্যাপিয়েস্ট আওয়ারের বারের লাইসেন্স বাতিল করার সিদ্ধান্তে রাজ্য সরকারের মুখে পড়বে চুনকালি।কারণ সরকারি টেন্ডারের মাধ্যমে গৌতম দেবনাথ আরবান ডেভলপমেন্ট ভবনে বার করার জন্য রুম নিয়েছিলেন। সরকার নিজেই দিয়েছিল লাইসেন্স। শেষ পর্যন্ত গৌতম দেবনাথ তার বার ও রেস্টুরেন্টে কয়েক কোটি টাকা লগ্নি করার পর প্রশাসন তার বারের লাইসেন্স বাতিল করে দেয়। তবে হ্যাপিয়েস্ট আওয়ারের লাইসেন্স বাতিল করার জন্য সোচ্চার হয়েছিল রাজ্যের বিরোধী দলগুলো। শেষ পর্যন্ত প্রশাসন চাপের মুখে বারের লাইসেন্স বাতিল করলেও এখন উচ্চ আদালতের নির্দেশে ফের বিপাকে রাজ্য সরকার। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে হ্যাপিয়েস্ট আওয়ারে চলবে বার সংস্কৃতি।

