ডেস্ক রিপোর্টার,১৫ নভেম্বর।।
“কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য, ক্ষমতার অপব্যবহার এবং স্বেচ্ছাচারী সিদ্ধান্তের বিরুদ্ধে এল এক বিরাট রায়! ত্রিপুরা হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিল—খামখেয়ালীভাবে চুক্তিভিত্তিক বা আউটসোর্সড কর্মীকেও রাতারাতি কাজ থেকে বরখাস্ত করা যায় না। আর এই মামলায় বড় ধাক্কা খেল ইন্দো-জার্মান প্রজেক্ট কর্তৃপক্ষ।
ঘটনাটি ইন্দো-জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন প্রজেক্ট’র।এই প্রকল্পের ‘প্রজেক্ট ইমপ্লিমেন্টিং অফিসার’ বা PIO পদে কর্মরত ছিলেন ডাঃ রিমা সাহা। কিন্তু ২০২৫ সালের সেপ্টেম্বরের এক অদ্ভুত ঘটনা ঘটে। তিনি যখন গোমতী বন্যপ্রাণী অভয়ারণ্যে সরকারি ডিউটিতে ব্যস্ত, ঠিক সেই সময়ই তাঁর হাতে ধরিয়ে দেওয়া হয় বরখাস্তের চিঠি!সবথেকে বড় কথা, এর আগে তাঁর কাজের প্রশংসা করা হলেও, কোনো রকম কারণ দর্শানোর নোটিশ বা ‘শো-কজ’ ছাড়াই তাঁকে হঠাৎ পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এমনকি তাঁর জায়গায় অন্য এক চুক্তিভিত্তিক কর্মীকে নিয়োগের পাঁয়তারা চলে।
ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি এস. দত্ত পুরকায়স্থের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের আগের রায় খারিজ করে ঐতিহাসিক এই রায় দেন। আদালত সাফ জানিয়ে দেয়—
এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ বেআইনি, স্বেচ্ছাচারী এবং স্বাভাবিক ন্যায়বিচারের পরিপন্থী।
ডাঃ সাহা শুধু একজন ‘আউটসোর্সড কর্মী’—কর্তৃপক্ষের এই যুক্তি আদালত সরাসরি খারিজ করে দিয়েছে।
তাঁর বিরুদ্ধে যে নেতিবাচক পারফরম্যান্স রিপোর্ট পেশ করা হয়েছিল, তা যে একজন জুনিয়র আধিকারিককে দিয়ে ‘ব্যাকডেটেড’ বা পেছনের তারিখে তৈরি করানো হয়েছিল, তাতে বিস্ময় প্রকাশ করেছে আদালত।পাশাপাশি, ওই পদে সফেদ-এর জারি করা নতুন নিয়োগ বিজ্ঞপ্তিও বাতিল করা হয়েছে।
আদালত ডাঃ রিমা সাহাকে পূর্ণ বকেয়া বেতনসহ অবিলম্বে তাঁর পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছে। একইসঙ্গে প্রকল্পের সিইও এবং প্রজেক্ট ডিরেক্টরকে করা হয়েছে জরিমানা। আবেদনকারীর পক্ষে মামলাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন প্রবীণ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ এবং আইনজীবী কৌশিক নাথ।কর্মক্ষেত্রে ক্ষমতার দম্ভ আর লিঙ্গবৈষম্যমূলক মানসিকতার বিরুদ্ধে এই রায় এক নতুন আশার আলো দেখাল।
Oplus_16908288