“হঠাৎ করে কৈলাসহর শহরে বাংলাদেশী অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়াতে আতঙ্ক গ্রস্থ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়েও। পাশাপাশি প্রশ্নের কাঠ গড়ায় আছে থানা পুলিশও।”
কৈলাসহর ডেস্ক, ২৩ নভেম্বর।।
কৈলাসহর ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বাড়ছে ওপারের চোর চক্রের আস্ফালন। শনিবার গভীর রাতে বাংলাদেশী চোরের দল সীমান্ত টপকে চলে আসে এপারের কৈলাসহর পুর এলাকার বৌলাবাসা শীলপাড়াতে।চোরের দল প্রথমে এক মহিলার বাড়িতে প্রবেশ করে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে পাশে থাকা আরেক ব্যক্তির দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে। স্থানীয়রা আঁচ পাওয়ার পর তারা চিৎকার চেঁচামেচি করে বাড়ি ঘর থেকে বেরিয়ে আসলে ওপারের চোর চক্রের পান্ডারা পালিয়ে যায়।
স্থানীয় প্রবীণ বাসিন্দা জানিয়েছেন, সংশ্লিষ্ট অঞ্চলে বরাবর বাংলাদেশী অপরাধীদের দৌরাত্ম্য থাকে। তবে সীমান্তে কাটা তার হওয়ার ফলে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এখনও মাঝে মধ্যেই গ্রামে প্রবেশ করে বাংলাদেশী চোর – ডাকাত। তিনি বলেন, গোটা বিষয় জানানো হয়েছে বিএসএফকে। এবং তাদের টহলের পরিমাণ বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।
হঠাৎ করে কৈলাসহর শহরে বাংলাদেশী অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পাওয়াতে আতঙ্ক গ্রস্থ হয়ে উঠেছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠছে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ভূমিকা নিয়েও। পাশাপাশি প্রশ্নের কাঠ গড়ায় আছে থানা পুলিশও।

