ডেস্ক রিপোর্টার, ২৯ সেপ্টেম্বর।।
বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে সাঙ্গো হলো পাহাড়ের গ্রাম পরিষদের নির্বাচন। নির্বাচন কেন্দ্র করে তপ্ত হয়ে উঠেছিল গোমতী জেলা। ছাপ্পা ভোট, গুলাগুলি, পুলিশের উপর হামলা, থানা ঘেরাও সবই ঘটেছে ধারাবাহিক ভাবে। নানান অপ্রীতিকর ঘটনার কারণে রাজ্যের দুইটি ভিলেজ কমিটির তিনটি আসনে পুনঃ ভোট করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী।
নির্বাচন কমিশনার বলেন, মাতাবাড়ি ব্লকের গামারিয়া এডিসি ভিলেজের তিন ও চার নম্বর আসনে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাছাড়া অমরপুর ব্লকের পাহাড় পুর এডিসি ভিলেজের চারটি আসনে হবে নির্বাচন।
নির্বাচন কমিশনার জানিয়েছেন, মাতাবাড়ি ব্লকের গামারিয়া এডিসি ভিলেজে ছাপ্পা ভোটের অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে পাহাড়পুর এডিসি ভিলেজে প্রতীক চিহ্নের সমস্যা থাকার কারণে, এখানেও হবে পুনঃ ভোট।পুনঃ ভোটের দিনক্ষণ আগামী ৩ অক্টোবর। গণনা হবে আগামী ৫ অক্টোবর।

