Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ২৮ সেপ্টেম্বর।।
      সোমবার সকাল ৭টা থেকেই রাজ্যে শুরু হয় ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উৎসবের আমেজে ভোট দিতে সকাল থেকেই ভোটকেন্দ্রগুলিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। পদ্মাবিল আর.ডি. ব্লকের লঙ্কা পোড়া এস.বি স্কুল, আথাই বাড়ি হাই স্কুল, শেওড়াতলি জেবি স্কুল, মাইচাং বাড়ি জেবি স্কুল সহ ৪টি ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এদিকে তেলিয়ামুড়া মহকুমাতেও উৎসবের আমেজে অনুষ্ঠিত হলো ভিলেজ কাউন্সিল নির্বাচন।ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ভোটগ্রহণকে ঘিরে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য ভোটকেন্দ্রগুলিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এদিন কাঞ্চনপুর দামছড়ায় সকাল ৭টা থেকে উত্তর জেলায় শুরু হয়েছে এডিসি ভিলেজ কমিটির নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে হয়েছে ভোটগ্রহণ। নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটকেন্দ্রগুলিতে মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী, ত্রিপুরা পুলিশ ও টিএসআর বাহিনী।
এদিকে গোটা পাহাড়ে শান্তিপূর্ণ ভাবে হলেও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে।এরমধ্যে ভিসি নির্বাচনের শেষ লগ্নে উদয়পুরের মহারানী এলাকায় গোমতী জেলার এসপি উত্তপ্ত পরিস্থিতির কবলে পড়েন।এবং তিনি রক্তাক্ত হয়েছেন। তাকে এম্বুলেন্সে করে গোমতী জেলা হাসপাতালে আনা হয়েছে,সেখানে তার চিকিৎসা চলছে।

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুসারে এদিন বিকাল ৪টা পর্যন্ত ভোট পড়েছে ৭৯ শতাংশ।এথেকে অনুমান করা যায় ১০বছর পর ভিসি নির্বাচনে রেকর্ড ভোট পড়বে
    সে যাই হোক,বহুল প্রতীক্ষিত রাজ্যের ৫৮৭টি ভিলেজ কমিটির মোট ৪,৫৯৭টি আসনের মধ্যে ২৯৫২টি আসনে আজ সকাল থেকে হয়েছে ভোটগ্রহণ। এ বার মোট প্রার্থীর সংখ্যা ৮ হাজার ১৭৬ জন। মোট ৬ লক্ষ ৬৫ হাজার ভোটার।রাজ্য জুড়ে তৈরি করা হয়েছে ১ হাজার ৯৫টি ভোট গ্রহণ কেন্দ্র। নিরাপত্তার স্বার্থে নামানো হয়েছে ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সহ প্রায় নয় হাজার পুলিশ ও টিএসআর কর্মী। নির্বাচন পরিচালনা করতে ৭,৪৫৮ জন ভোট কর্মীকে ১২৪৩টি দলে ভাগ করে পাঠানো হয়েছে নিজ নিজ কেন্দ্রে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে তিপ্রা মথা, বিজেপি, সিপিএম,কংগ্রেস ও নির্দল প্রার্থীরা।এই নির্বাচনে জনগণ কাদের ভোটাধিকার দেন, তার উত্তর মিলবে আগামী ৫ অক্টোবর।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *