ডেস্ক রিপোর্টার,২৯ সেপ্টেম্বর।।
          মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইমপিচমেন্ট ইস্যুতে বুধবার দেশের রাজধানী দিল্লিতে বসতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র এক গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু বৈঠকের আগেই প্রকাশ্যে এল বিরোধী শিবিরের অভ্যন্তরীণ অস্বস্তি। দলীয় সূত্রে খবর, এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত থাকছেন না সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। শুধু সপা প্রধানই নন, বৈঠকে যোগ না দেওয়ার সম্ভাবনা রয়েছে আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালেরও। হেভিওয়েট দুই নেতার এই অনুপস্থিতির খবর সামনে আসতেই রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে বিরোধী ঐক্যের ভবিষ্যৎ।
    খবর, মুখ্য নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে সুর চড়াতে এবং তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নির্ধারণ করতেই ইন্ডিয়া জোটের শরিক দলগুলিকে নিয়ে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু অখিলেশ ও কেজরিওয়ালের মতো প্রথম সারির দুই নেতার অনুপস্থিতি বিরোধী শিবিরের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তায় কিছুটা হলেও জল ঢেলে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জাতীয় স্তরে ক্ষমতাসীন বিজেপি-বিরোধী জোটের মঞ্চ তৈরি হলেও আঞ্চলিক সমীকরণ ও অভ্যন্তরীণ কৌশলগত পার্থক্যের কারণে বার বার ধাক্কা খাচ্ছে ইন্ডিয়া জোট। বিশেষ করে উত্তরপ্রদেশ এবং দিল্লির মতো গুরুত্বপূর্ণ রাজ্যে নিজেদের রাজনৈতিক অবস্থান ও কৌশল বজায় রাখতেই সপা ও আপ নেতৃত্ব এই মুহূর্তে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
বুধবারের এই বৈঠকে ইন্ডিয়া জোটের অন্যান্য সদস্য দলগুলি কী সিদ্ধান্ত নেয় এবং অনুপস্থিত নেতাদের অবস্থান নিয়ে জোটের তরফে কী বার্তা দেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *