মার্কিন প্রশাসনের একাংশের মতে, নিউ ইয়র্কেই বিচারপ্রক্রিয়ার সম্মুখীন হতে হবে মাদুরোকে। তাঁর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। আমেরিকার অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজ়ুয়েলা।
ডেস্ক রিপোর্টার,৩ জানুয়ারি।।
চোখে কালো আবরণ। কানে শব্দনিরোধক আবরণ লাগানো। পরনে ছাইরঙা এক জ্যাকেট। হাতে একটা জলের বোতল ধরা। তার ছিপি খোলা। মনে হয়, তিনি জল খাচ্ছিলেন। সেই সময় তোলা হয় ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বন্দিদশার ছবি। তিনি রয়েছেন মার্কিন জাহাজে। সেই ছবিই নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার রাতে পোস্ট করা এই ছবির সঙ্গে ট্রাম্প এক লাইনে লিখেছেন, মাদুরোর গন্তব্য নিউ ইয়র্ক। কেন তাঁকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কোথায় রাখা হবে— সে সব ব্যাপারে আলোকপাত করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রশাসনের একাংশের মতে, নিউ ইয়র্কেই বিচারপ্রক্রিয়ার সম্মুখীন হতে হবে মাদুরোকে। তাঁর বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। আমেরিকার অভিযোগ, মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে ভেনেজ়ুয়েলা। ওই তেল আদতে চুরি করা হচ্ছে ভেনেজ়ুয়েলার বিভিন্ন খনি থেকে। তার পর তা বিক্রি করে জঙ্গি কার্যকলাপে ব্যবহার করা হচ্ছে। শুধু তা-ই নয়, শনিবার আমেরিকার বিচার বিভাগ এ-ও জানিয়েছে, মাদুরোর বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত, অবৈধ সরকার পরিচালনার অভিযোগ আনা হয়েছে! আমেরিকায় সেই সব অভিযোগের সম্মুখীন হতে হবে মাদুরোকে।

