গত সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত  সারা দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও গ্রেপ্তার অভিযান চলার মধ্যে এই নতুন কর্মসূচি ঘিরে সংঘাতের ঘটনা ঘটল।

                        ।।সমীরণ রায়।।
                  __________________

ঢাকা ডেস্ক,১০ নভেম্বর।।
     বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক পরিস্থিতি।  রাজধানী ঢাকা-সহ বিভিন্ন জেলায় বাস, ট্রাক ও অন্যান্য যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত সোমবার রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত  সারা দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফলে বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও গ্রেপ্তার অভিযান চলার মধ্যে এই নতুন কর্মসূচি ঘিরে সংঘাতের ঘটনা ঘটল। একদিকে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ও সড়কে সহিংসতা, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান, দুইয়ের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখাই এখন প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।


গত সোমবার রাত থেকে মঙ্গবার সন্ধ্যা পর্যন্ত  সারা দেশে ২২টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। অন্তত ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। নাশকতায় জড়িতদের গ্রেপ্তার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় টহল জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি। তবে নিরীহ মানুষকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আইজিপি। পুলিশ কর্মকর্তাদের ভাষায়, গণগ্রেপ্তার নয়, প্রয়োজন ‘কোয়ালিটি অ্যারেস্ট’।
মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিল ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, দোকানপাট ও স্থাপনায় ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ছাত্রলীগের পক্ষ থেকে ১০ নভেম্বর দেশব্যাপী ছাত্রধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়াতে শুরু করে। ঢাকার ফার্মগেট, পল্লবী, সদরঘাটসহ বিভিন্ন এলাকায় বাস ও অন্যান্য যানবাহনে আগুন দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন থানা, আদালত প্রাঙ্গণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা লগি-বৈঠা নিয়ে মিছিল বের করেন। পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। কয়েকটি স্থানে সড়ক অবরোধ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়াল ও ফটকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে আহতের খবরও পাওয়া যায়।


গোপালগঞ্জের পাশাপাশি কাশিয়ানী, কোটালীপাড়া ও মুকসুদপুরের বিভিন্ন স্থানেও বিক্ষোভ, মশাল মিছিল, সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঢাকা-খুলনা মহাসড়কের কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জের পাশাপাশি শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরেও বাড়তি সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এই চার জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যাতে সংঘবদ্ধভাবে নাশকতা চালানোর সুযোগ তৈরি না হয়, সে বিষয়ে পুলিশ সুপারদের সতর্ক থাকতে বলা হয়েছে। গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে বিজিবি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। পুলিশের একটি সূত্রের দাবি, জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে তাঁর দলের নেতা-কর্মীদের একাংশ নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিচ্ছেন।
পুলিশের তথ্যানুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের কর্মকর্তাদের দাবি, আটক ব্যক্তিদের কেউ সরাসরি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও অর্থের বিনিময়ে তাঁরা এসব কর্মকাণ্ডে অংশ নিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক কামারুম মুনিরা জানিয়েছেন, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পেছনে পরিকল্পিত অপরাধমূলক তৎপরতা রয়েছে। নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার করা হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ, সাইবার মনিটরিং এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে অপরাধীদের শনাক্তের কাজ চলছে। তিনি আরও জানান, শুধু ঘটনার পর ব্যবস্থা নেওয়া নয়, আগাম তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *