আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে যে চিঠি শেখ হাসিনা দিয়েছেন, সেটি হাস্যকর। বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্টস দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে।

                    ।। সমীরণ রায়।।
                _____________________

ঢাকা ডেস্ক,৯ নভেম্বর।।
    চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দেবে না বাংলাদেশ বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়। এমনকি শেখ হাসিনাকে সন্ত্রাসী বলেও আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে যে চিঠি শেখ হাসিনা দিয়েছেন, সেটি হাস্যকর। বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না। বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্টস দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে।
    উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে ব্রিটিশ ল ফার্ম ওই চিঠি পাঠিয়েছে, তাদের উচিত শেখ হাসিনার মত মক্কেলের পক্ষে দাঁড়ানোর আগে তার কর্মকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া। আমি আইনি ফার্মটিকে তাদের মক্কেল সম্পর্কে আগে জানতে বলব। তাদের মক্কেল একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন, বছরের বছর হাজার হাজার মানুষকে হত্যা করেছে, অপহরণ করেছেন, বিচার বহির্ভূত হত্যা। তারপরেতো পালিয়ে যাওয়ার আগে দেড় হাজার, তারও বেশি মানুষকে হত্যা করেছে। সুতরাং আপনার মক্কেলকে জানুন, তার দুর্গন্ধযুক্ত, বাংলাদেশের মানুষ থেকে লুট করা টাকার পেছনে ছুটবেন না। কিছু নীতিগত সীমা মেনে চলুন। আপনার যদি সেসব সীমা না থাকে, তাহলে বিশ্বব্যাপী লজ্জিত হবেন। এগুলো কিছু আনএথিক্যাল রিপ্রেজেন্টেশন, না বুঝে না শুনে বা বুঝেশুনেই করে মাঝেমধ্যে। এটা দুর্নীতিবাজ, পলাতক অপরাধী থেকে কিছু টাকা আয়ের ধান্ধা, যে কোথাও পালিয়ে আছে, সম্ভবত দিল্লিতে। সুতরাং এটাকে কেবল সহজে টাকা আয়ের প্রক্রিয়া হিসাবে না দেখে, কিছু নৈতিক বিবেচনার চর্চা করুন। আপনি কি বাংলাদেশের মুখোমুখি হয়ে বলতে পারবেন, এই মহিলা নিরপরাধ? ওই ব্রিটিশ আইনি ফার্মকে নিজ দেশের একটি আইনের কথাও স্মরণ করিয়ে দেন দীর্ঘদিন লন্ডনে থাকা হুমায়ুন কবির।এদিকে, বাংলাদেশের  স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবরের সত্যতা এবং এর আইনগত ভিত্তি যাচাই করছে সরকার। তিনি এ ধরনের আবেদন করার অধিকার রাখেন কি না, তাও পর্যালোচনা করা হচ্ছে। এ জন্য পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইনসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান খতিয়ে দেখছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমিও বিষয়টি শুনেছি। সংবাদমাধ্যমের স্ক্রলে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি। আবেদনটি আদৌ করা হয়েছে কি না, যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং আবেদন করার অধিকার তাঁর রয়েছে কি না, এসব বিষয় খুঁটিনাটি পর্যালোচনা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে। পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকারের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে দেশে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।





            


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *