ডেস্ক রিপোর্টার,১৮ মার্চ।।
রাজ্যের তরুণ সাংবাদিক নন্দন চক্রবর্তী চলে গেছেন না ফেরার দেশে।বুধবার ভোর রাতে স্কুটি দুর্ঘটনায় দক্ষিণ ত্রিপুরা জেলার মনপাথর পুলিশ স্টেশনের রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় প্রাণ হারিয়েছেন তিনি ।মৃত্যুকালে স্ত্রী পুত্রসহ অসংখ্য গুণমুগ্ধ আত্মীয়-স্বজন রেখে গেছেন নন্দন।
তাঁর অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। দক্ষিণ জেলার শান্তিরবাজার ও জোলাই বাড়িতে কর্মরত সাংবাদিকরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। ময়না তদন্তের পর মরদেহ আগরতলায় তার নিজ বাড়ি রামনগরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হয় আগরতলা প্রেসক্লাবে। সেখানে মরদেহে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের পর নিয়ে আসা হয় তাঁর কর্মস্থল স্যন্দন পত্রিকা অফিসের সামনে। সহকর্মীরা তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
প্রয়াত নন্দন চক্রবর্তী মূলত “কোর্ট বিট” অর্থাৎ আদাতল সংক্রান্ত খবরাখবর করতেন। মৃদুভাষী নন্দন ছিলেন সাংবাদিক মহলের একজন প্রিয় বন্ধু। ছোট – বড় ও সমসাময়িক প্রত্যেকের সঙ্গেই সখ্যতা ছিলো তাঁর। লেখনীর বাঁধনও ছিলো যথেষ্ট শক্তিশালী। তাঁর খবরের শব্দ চয়নও ছিলো বেশ ভালো।
তরুণ সাংবাদিক নন্দন চক্রবর্তীর অকাল মৃত্যুতে শোকাহত রাজ্যের বৃহত্তর সাংবাদিক সংগঠন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশন। এই সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা এবং পরিবার-পরিজনদের প্রতি গভীর মর্মবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক শানিত দেবরায় সহ সদস্যরা।

