ডেস্ক রিপোর্টার,২৩ সেপ্টেম্বর।।
সামনেই শারদীয় দুর্গোৎসব। পূজোকে ঘিরে কেনাকাটা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্মের দরুন এখন থেকেই রাজধানী আগরতলায় ভিড় বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে এবং সার্বিক ট্রাফিক ব্যবস্থাকে আরও সুসংহত ও উন্নত করতে বিশেষ সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক দপ্তর।বুধবার মহারাজগঞ্জ বাজার স্থিত বাণিজ্য ভবনে ট্রাফিক বিভাগের এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূল নেতৃত্ব দেন ট্রাফিক সুপার কান্তা জাহাঙ্গীর।
মূলত মহারাজগঞ্জ বাজার সহ গোটা আগরতলা শহরের ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই এই বৈঠকের প্রধান উদ্দেশ্য। ট্রাফিক সুপার জানান, পূজোর দিনগুলিতে মহারাজগঞ্জ বাজার এলাকায় অস্বাভাবিক লোকসমাগম ঘটে। কিন্তু প্রায়শই দেখা যায়, অসচেতনতা এবং ট্রাফিক আইন না মানার দরুন সেখানে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী—সব পক্ষকেই চরম দুর্ভোগ পোহাতে হয়।
এদিনের বৈঠকে দুর্গোৎসবের দিনগুলিতে বাজারের এই বিপুল ভিড় কীভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব, তা নিয়ে বিশদে আলোচনা করা হয়। ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ, অবৈধ পার্কিং রোধ এবং পথচারী ও গাড়ি চালকদের সচেতন করতে একাধিক কার্যকর পরিকল্পনা গ্রহণ করেছে ট্রাফিক বিভাগ। শহরবাসীকে নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ করে দিতে ট্রাফিক পুলিশের এই তৎপরতা অত্যন্ত সময়োপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

