খোয়াই ডেস্ক, ২৫ সেপ্টেম্বর।।

খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে ভয়াবহ রূপ নিয়েছে শিক্ষক সংকট। অবিলম্বে শ্রেণীকক্ষে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে শুক্রবার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট এক স্মারকলিপি প্রদান করল এস এফ আই খোয়াই বিভাগীয় কমিটি।

ডেপুটেশন প্রদান শেষে খোয়াই বিভাগীয় সম্পাদক সাগর পাল অভিযোগ করেন, বর্তমানে এই বিদ্যালয়ের প্রাতঃ বিভাগে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ৪০৬ জন, অথচ তাদের পাঠদানের জন্য রয়েছেন মাত্র ৬ জন শিক্ষক। অবস্থা এতটাই আশঙ্কাজনক যে, অনেক সময় একই সময়ে একজন শিক্ষককে দুটি ভিন্ন শ্রেণীতে একসাথে ক্লাস নিতে হচ্ছে। এর ফলে স্বাভাবিক ও সঠিক পাঠদান সম্পূর্ণ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের অভিমত, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ১০৩২৩ শিক্ষকদের চাকরিচ্যুতি এবং বেশকিছু শিক্ষকের অবসরের কারণে রাজ্যের একাংশ বিদ্যালয়ে শিক্ষক সংকর দেখা দিয়েছে। আর শিক্ষক সংকট সহ বিভিন্ন ইস্যুকে সামনে রেখে বাম ছাত্র সংগঠন এসএফআই ময়দানে ঝাপিয়েছে। একই সাথে তারা নিজেদের সংগঠন শক্তিশালী করার মধ্য দিয়ে জনমানুষের সহানুভূতির হাওয়া তৈরি করতে রণকৌশলগতভাবে ছাত্রসমাজ সহ অভিভাবকদের কাছে যাচ্ছে। পাখির চোখ ২০২৮ সালের বিধানসভা নির্বাচন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *