ডেস্ক রিপোর্টার,২৪ সেপ্টেম্বর।।
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী ও জনমুখী করে তোলার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উদ্বোধন করা হলো এ.ডি. নগর আরবান পলিক্লিনিকের নবনির্মিত ভবন। বৃহস্পতিবার আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।অনুষ্ঠানে এ.ডি. নগর পলিক্লিনিকের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও কয়েকটি নবনির্মিত স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করা হয়। এখন থেকে এই আরবান পলিক্লিনিকে মাতৃ ও শিশুসেবা, অসংক্রামক রোগের চিকিৎসা, জরুরি পরিষেবা, ডেন্টাল ও মানসিক স্বাস্থ্যসেবাসহ নানা ধরনের চিকিৎসা পরিষেবা এক ছাদের নিচে দেওয়া হবে।তাছাড়া এই আধুনিক পলিক্লিনিকটি এলাকার প্রায় ৭৮ হাজারেরও বেশি মানুষের স্বাস্থ্যসেবার চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা বলেন,রাজ্যের মানুষের স্বাস্থ্যের কথা মাথায় রেখে কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই ধরনের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
সেইসাথে মুখ্যমন্ত্রী বলেন,রাজ্য সরকারের মূল লক্ষ্যই হলো স্বাস্থ্য পরিষেবার এমন উন্নয়ন ঘটানো,যাতে রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য বাইরে ছুটতে না হয় এবং রেফারেল কেস যথাসম্ভব কমানো যায়।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় বিধায়িকা মীনারানী সরকার এবং স্বাস্থ্য সচিব সহ প্রশাসনিক ও স্বাস্থ্য দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকরা।
স্বাস্থ্য দপ্তরের মতে, এই পলিক্লিনিক চালুর ফলে আগরতলা ও সংলগ্ন এলাকার সার্বিক প্রাথমিক ও জরুরি চিকিৎসা ব্যবস্থায় এক নতুন মাত্রার সংযোজন ঘটল।

