খোয়াই ডেস্ক, ১লা এপ্রিল।।
হালহালি-আশারামবাড়ী টিটিএএডিসি নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত তুলাশিখর অনাথ চৌধুরী পাড়ায় এক ভয়াবহ রাজনৈতিক হামলার ঘটনা ঘটেছে। সদ্য তিপ্রামথা ত্যাগ করে বিজেপি দলে যোগদান করা সবীর দেববর্মার ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তিপ্রামথার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় বর্তমানে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবীর দেববর্মা সম্প্রতি তিপ্রামথা ছেড়ে বিজেপিতে শামিল হয়েছিলেন। অভিযোগ, বুধবার রাজনৈতিক আক্রোশের জেরে তিপ্রামথার একদল সশস্ত্র সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সবীর দেববর্মা মারাত্মকভাবে জখম হন। ঘটনার খবর পেয়ে স্থানীয় বিজেপি কার্যকর্তারা তাকে দ্রুত উদ্ধার করে চেবরী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
হামলার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী অভিজিৎ দত্ত ভৌমিক এবং খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারীসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সবীর দেববর্মার শরীরের আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় এবং অবস্থার অবনতি ঘটায় প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি (GBP) হাসপাতালে স্থানান্তর করেন।
বিজেপি জেলা সভাপতি বিনয় দেববর্মা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, রাজনৈতিক আদর্শ পরিবর্তনের কারণে এভাবে বর্বরোচিত হামলা গণতন্ত্রের পরিপন্থী। তিনি অবিলম্বে এই ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, তিপ্রামথার পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
টিটিএএডিসি নির্বাচনের প্রাক-মুহূর্তে তুলাশিখর এলাকায় এমন রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

