মঙ্গলবার সকালে দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় চন্দ্রপুর এলাকা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন পুরপরিষদের চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলররা। রাহুল কিশোর রায় ধর্মনগর পুরপরিষদের কাউন্সিলর হওয়ার পাশাপাশি মন্ডল যুব মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন।

ধর্মনগর ডেস্ক, ৫ মে।।
      ধর্মনগর পুরপরিষদের কাউন্সিলর তথা বিজেপি যুব মোর্চার ধর্মনগর মন্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্য মৃত্যু।চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলায় । মঙ্গলবার ভোরে নিজ ঘরেই দলীয় পতাকা গলায় ঝুলিয়ে আত্মহত্যা করেন রাহুল।
আত্মহত্যার নেপথ্যে প্রাণনাশের হুমকি ও অপমানের অভিযোগ তুলেছে পরিবার। মঙ্গলবার সকালে দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় চন্দ্রপুর এলাকা অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছেন পুরপরিষদের চেয়ারম্যান ও অন্যান্য কাউন্সিলররা। রাহুল কিশোর রায় ধর্মনগর পুরপরিষদের কাউন্সিলর হওয়ার পাশাপাশি মন্ডল যুব মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন।
পরিবারের সদস্যদের অভিযোগ, সোমবার দুপুর থেকেই একদল লোক রাহুল কিশোর রায়ের বাড়িতে গিয়ে তাঁকে বারবার অপমান ও হেনস্থা করে। পরিবারের দাবি অনুযায়ী— সোমবার গভীর রাতে ফের দুষ্কৃতীরা তাঁর বাড়িতে চড়াও হয় এবং তাঁকে সশরীরে প্রাণনাশের হুমকি দেয়।  ক্রমাগত মানসিক চাপ ও অপমানের জেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।
এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে ঘটনার সকাল থেকে ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় রাস্তা অবরোধ শুরু হয়। এই প্রতিবাদী মিছিলে অংশ নেন ধর্মনগর পুরপরিষদের চেয়ারপার্সন স্বয়ং এবং অন্যান্য কাউন্সিলররা। চন্দ্রপুর এলাকার সাধারণ জনগণ যোগ দেন অবরোধে। অবরোধের জেরে চন্দ্রপুর সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে ধর্মনগর থানার পুলিশ।
            রাহুল কিশোর রায়ের পরিবারের পক্ষ থেকে ধর্মনগর থানায় মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছে কঙ্কন চৌধুরী,  হীরক জ্যোতি নাথ,  মনোজ পুরকায়স্থ, অভিজিৎ দাস সুরজ দেব ও প্রবাল দেব। তবে খবর লেখা পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করে নি পুলিশ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *