ডেস্ক রিপোর্টার, ১৫ মে।।
            অবশেষে সত্যি হলো আশঙ্কা। দেশজুড়ে মহার্ঘ হল পেট্রোল – ডিজেল। এক লাফে প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ল ৩ টাকা ২৯ পয়সা। এবং ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩ টাকা ১১ পয়সা। শুক্রবার থেকে জ্বালানির এই বর্ধিত মূল্য লাগু হয়ে গিয়েছে। সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়ে দাম বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
      ভারতের কূটনৈতিকদের বক্তব্য অনুযায়ী, মধ্য প্রাচ্যের চলমান অস্থিরতার কারণেই জ্বালানির দাম বৃদ্ধি করতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার। এবার যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে দেশের জ্বালানির বাজারে।
তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০২ ডলারে পৌঁছে গিয়েছে। এরপর থেকেই ভারতে  জ্বালানির মূল্যবৃদ্ধির জল্পনা চলছিল। শেষ পর্যন্ত সেই  আশঙ্কাই বাস্তবে রূপ নিয়েছে।
পেট্রোল ও ডিজেলের পাশাপাশি সিএনজির দামও বেড়েছে। আপাতত জেট ফুয়েলের দামে নতুন  কোনো পরিবর্তন আনা হয়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১ এপ্রিল দেশের এভিয়েশন টারবাইন ফুয়েল বা জেট ফুয়েলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়ে কিলোলিটার প্রতি প্রায় ২.০৭ লাখ টাকায় পৌঁছে ছিলো।অর্থনীতিবিদদের আশঙ্কা,   জ্বালানির মূল্য বৃদ্ধির ফলে এবার চাপ বাড়বে পরিবহন খরচে। স্বাভাবিকভাবেই চড়া হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজার। এর ফলে নাভিশ্বাস উঠবে দেশের আমজনতার।বিশেষ করে মধ্য ও  নিম্নবিত্ত মানুষের রান্না ঘরে। তবে তাতেও কিন্তু রক্ষা নেই। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও মহার্ঘ্য হলে আগামী দিনগুলোতে জ্বালানির দামেও পরিবর্তন ঘটার সম্ভাবনা থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *