ডেস্ক রিপোর্টার, ২৫ মে।।
রাজ্যের প্রধান চিকিৎসা কেন্দ্র জিবিপি হাসপাতালের ট্রমা সেন্টারে সামান্য বৃষ্টিতেই বেহাল দশা প্রকাশ্যে এল। টানা ভারী বর্ষণের জেরে ট্রমা সেন্টারের ভেতরে এক প্রকার জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ছাদ থেকে অবিরাম জল চুঁইয়ে পড়ার ফলে হাসপাতালের বিভিন্ন অংশে জল ঢুকে পড়েছে, যার কারণে চরম নাজেহাল অবস্থার শিকার হচ্ছেন রোগী ও তাঁদের সাথে আসা পরিজনেরা।
দূর-দূরান্ত থেকে উন্নত চিকিৎসার আশায় আসা মানুষজনকে এই মুহূর্তে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কোথাও কোথাও রোগীর বেডের ঠিক পাশেই জল জমে রয়েছে। ছাদ থেকে অনবরত জল পড়তে থাকায় একদিকে যেমন সংক্রমণের ঝুঁকি বাড়ছে, অন্যদিকে তেমনই ব্যাহত হচ্ছে স্বাভাবিক চিকিৎসা পরিষেবা।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর বর্ষায় এই একই চিত্র দেখা গেলেও টনক নড়েনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।বারবার এই ধরনের গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে এমন অব্যবস্থার ছবি সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

