ডেস্ক রিপোর্টার, ২৯ অক্টোবর।।
সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক আগরতলায় ব্যাংকের প্রধান কার্যালয়ে সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করে।
এবারের মূল ভাবনা “Probity for Prosperity” অর্থাৎ সমৃদ্ধির জন্য সততা। ব্যাংকের আধিকারিক, কর্মচারী ও স্বেচ্ছায় রক্তদাতাদের আন্তরিক অংশগ্রহণে এই কর্মসূচিতে মোট ৫৪ ইউনিট রক্তদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের শ্রম, যুব বিষয়ক ও ক্রীড়া, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ অতিথি ছিলেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অতিরিক্ত মুখ্য সতর্কতা আধিকারিক
অজয় গঙ্গাধর কাদু এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলায় নাবার্ডের জেনারেল ম্যানেজার তনুশ্রী ভট্টাচার্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিং।
ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান তার ভাষণে রক্তদান শিবিরের কথা উল্লেখ করে ব্যাংকিং পরিষেবায় সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি টিংকু রায় একটি স্বচ্ছ ও সমৃদ্ধ সমাজ গঠনে সম্মিলিত দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন। এদিন মেগা রক্তদান শিবিরে ব্যাংকের আধিকারিক ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই মহৎ উদ্যোগে রক্তদানকারী সকল স্বেচ্ছাসেবকের প্রতি ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালনায় ত্রিপুরা সরকারের রক্ত সঞ্চালন পরিষেবার দলের নিষ্ঠাপূর্ণ সহযোগিতার জন্যও ধন্যবাদ জানানো হয়।

