কর্মকর্তারা জানান, বুধবার থেকে শুরু হয়ে এই লিগ চলবে ১লা জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের সবকটি ম্যাচই আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি ম্যাচ। প্রথমটি বেলা দেড়টায় অপরটি বিকেল তিনটায় শুরু হবে। এবারের প্রতিযোগিতায় মোট ১৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে।
স্পোর্টস ডেস্ক, ৯ জুন।।
ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএ)-এর উদ্যোগে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ সি ডিভিশন ফুটবল লীগ’। মঙ্গল বার বিকেলে টিএফএ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা ও চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন টিএফএ-এর সচিব অমিত চৌধুরী, ম্যানেজার জয়ব্রত দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, বুধবার থেকে শুরু হয়ে এই লিগ চলবে ১লা জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের সবকটি ম্যাচই আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি ম্যাচ। প্রথমটি বেলা দেড়টায় অপরটি বিকেল তিনটায় শুরু হবে। এবারের প্রতিযোগিতায় মোট ১৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’-তে রয়েছে ইউনাইটেড বিএসটি, উমাকান্ত কোচিং সেন্টার, পান্তই স্পোর্টিং সোসাইটি, ভারত রত্ন সংঘ, এডিসি, কদমতলী যুব সংস্থা এবং সিমনা তামাকারি এফসি। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে স্থান পেয়েছে সবুজ সংঘ, সাই এসটিসি, স্বামী বিবেকানন্দ, কেশব সংঘ, ইকফাই ইউনিভার্সিটি এফসি, ইয়ুথ ক্লাব এবং জম্পুইজলা প্লে সেন্টার। সূচি অনুযায়ী, ১০ই জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গ্রুপ ‘এ’-র দুই দল— ইউনাইটেড বিএসটি এবং উমাকান্ত কোচিং সেন্টার। খেলা হবে বিকেল তিনটায়। এর ঠিক পরের দিন অর্থাৎ ১১ই জুন বেলা দেড়টায় গ্রুপ এ-র দ্বিতীয় ম্যাচ পান্তয় স্পোর্টিং সোসাইটি খেলবে ভারতরত্ন সংঘের বিরুদ্ধে। বিকেল তিনটায় গ্রুপ ‘বি’-র প্রথম ম্যাচে সবুজ সংঘের বিরুদ্ধে মাঠে নামবে সাই এসটিসি।
খেলার নিয়মাবলী ও উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে টিএফএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুটি গ্রুপ থেকে শীর্ষস্থানীয় দুটি করে মোট চারটি দলকে নিয়ে ‘সুপার লিগ’ অনুষ্ঠিত হবে। সুপার লিগের মোট ছয়টি ম্যাচের পর পয়েন্ট তালিকার ভিত্তিতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নির্ধারণ করা হবে। এদিকে, টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। আগামীকাল উমাকান্ত মিনি স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টিআইডিসি-র চেয়ারম্যান নবাদল বণিক। টুর্নামেন্টের আনুষ্ঠানিক কিক-অফ করবেন রাজ্যের প্রাক্তন কৃতি ফুটবলার সুজিত শুক্ল দাস। এ ছাড়া উদ্বোধনী পর্বে টিএফএ-এর সভাপতি, সহ-সভাপতি, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

