স্পোর্টস ডেস্ক,১০ জুন।।
উদ্বোধনী ম্যাচে জয় পেলো ইউবিএসটি। লড়াই করে পরাজিত করলো উমাকান্ত কোচিং সেন্টার কে। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত লংতরাই তৃতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বুধবার থেকে শুরু হয় ১৪ দলীয় এই আসর। এদিন ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্মক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা শুরু থেকেই লক্ষ্য করা গেছে। তবে বেশ কয়েকবার ইউ বি এস টি – র ফুটবলারদের গতির কাছে পরাজিত হতে দেখা গেছে উমাকান্ত সি সি কে। ম্যাচের ১৪ মিনিটে রক্ষণভাগের ফুটবলারদের ভুলে গোল হজম করে উমাকান্ত। ইউ বি এস টি – র পক্ষে প্রথম গোলটি করেন রাহুল কুমার রিয়ান। গোল হজম করতেই সমতা ফেরানোর জন্য মরিয়া আক্রমণ শুরু করেন উমাকান্ত কোচিং সেন্টারের ফুটবলাররা শেষ পর্যন্ত ৩১ মিনিটে আসে সাফল্য। জেরি ডার্ল দুরন্ত গোল করে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাকেশ রিয়াং গোল করে ইউ বি এস টি – র জয় নিশ্চিত করে দেন। খেলা পরিচালনা করেন সুকান্ত দত্ত। এর আগে আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার, টি আই ডি সি – র চেয়ারম্যান নাবাদল বণিক।

