তেলিয়ামুড়া ডেস্ক, ২৬ জুন।।
          আর্থিক অনিয়মের অভিযোগের মধ্যেই নতুন মোড় নিল তেলিয়ামুড়ার মহারানীপুর কাণ্ড। এবার সরকারি সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগ তুলে তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) বিপ্লব আচার্য।
অভিযোগ পত্রে বলা হয়েছে, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-র বুক কিপার ও মহারানীপুরের বাসিন্দা ঝুমা চৌধুরীর বিরুদ্ধে তেলিয়ামুড়া ব্লকের বিডিও’র সরকারি সিল ও স্বাক্ষর জাল করে ব্যবহারের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি পদক্ষেপের পথে হাঁটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরবর্তী পর্যায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তদন্ত-সংশ্লিষ্ট আধিকারিকরা।
উল্লেখ্য, অভিযুক্ত ঝুমা চৌধুরীর বিরুদ্ধে এর আগেও আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ সামনে এসেছিল। তবে সেই অভিযোগগুলিও এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত নয়।এই ঘটনায় অভিযুক্ত ঝুমা চৌধুরীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *