ডেস্ক রিপোর্টার,২৮ জুন।।
বাংলাদেশ ভিত্তিক জঙ্গি সংগঠন জেএমবি’র রাডারে ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে জেএমবি জঙ্গিরা এপারে আসে। এবং রাজধানী আগরতলাকে করিডোর করে তারা চলে যায় বহি: রাজ্যে। এই সংক্রান্ত তথ্য রয়েছে দেশের জাতীয় তদন্তকারী সংস্থা , কেন্দ্রীয় গোয়েন্দা ও রাজ্য পুলিশের কাছেও। সম্প্রতি জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ এই সংক্রান্ত একটি রিপোটও ফাঁস করেছে।
জেএমবি’র জঙ্গিদের আনাগোনার তপ্ত পরিস্থিতির মধ্যেই আগরতলার এমবিবি বিমানবন্দর চত্বর থেকে দুই দফায় মোট আটজন বাংলাদেশীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের চলছে জিজ্ঞাসাবাদ। বিমান বন্দর থানার ওসি জানিয়েছেন, প্রাপ্ত খবরের ভিত্তিতে গত ২৬ জুন চার বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করে পুলিশ। তারা মূলত এমবিবি বিমান বন্দর থেকে উড়ানে করে বহিঃ রাজ্যের যাওয়ার উদ্দেশ্যে এসেছিল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে শনিবারে পুলিশ আরও চার জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে।
বিমানবন্দর থানার ওসি জানিয়েছেন, দ্বিতীয় দফায় গ্রেফতার হওয়া চার বাংলাদেশীকে রবিবার আদালতের সোপর্দ করা হয়েছে। আবেদন করা হয়েছে পুলিশ রিমান্ডের। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু নথিপত্র।
এটা স্পষ্ট ,বাংলাদেশি নাগরিকরা এমবিবি বিমান বন্দরে আসার জন্য নিজেদের ভারতীয় প্রমাণ করতে বানিয়েছে জাল ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথি পত্র। ধৃত বাংলাদেশীদের সঙ্গে জেএমবি জঙ্গি সংগঠনের কোনো যোগ সূত্র আছে কিনা তাও খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।

