ডেস্ক রিপোর্টার, ২৮ জুন।।
রাজধানীর পশ্চিম প্রতাপগড়স্থিত স্টিলফুট ব্রিজ লাগোয়া পার্কে খুন এক যুবক। নাম রমজান আলী। বাড়ি পশ্চিম প্রতাপগড়েই। রবিবার সকালে হাওড়া নদী থেকে উদ্ধার করা হয় তার রক্তাক্ত লাশ। পার্কে পাওয়া যায় তার জুতা ও চাপ চাপ তাজা রক্তের দাগ। সকালে খবর পেয়ে ছুটে আসে উদ্ধারকারী দল পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা। উদ্ধারকারী দল হাওড়া নদী থেকে উদ্ধার করে রমজানের মৃতদেহ। পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতাল মর্গে। বিকালে ময়না তদন্তের শেষে রমজান আলীর মৃতদেহ তুলে দেওয়া হয় তার পরিবারের হাতে। পশ্চিম থানার পুলিশ একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
রমজান আলীর প্রতিবেশীরা জানিয়েছেন, শনিবার রাত ৯ টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়ে আসে। এবং পার্কে এসে বসে। পার্কের দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার ঝামেলা হয়। তাদের চিৎকার চেঁচামেচি শুনতে পায় আশপাশের মানুষ। সকালে রমজানের জুতো পাওয়া যায় পার্কে। জুতোর পাশেই চাপ চাপ রক্তের দাগ।
প্রতিবেশীরা জানিয়েছেন, রাতেই রমজানের নদীর জলে ভাসতে থাকা ভিডিও বেসরকারি নিরাপত্তা রক্ষীরা তাদের মোবাইলে ধারণ করে। রাতে তারা গোটা পার্কের লাইট বন্ধ করে দেয়। এবং তালা লাগিয়ে চলে যায়। শেষে পুলিশ এসে পার্কের লাইট জ্বালিয়ে দেয়। প্রতিবেশীদের সন্দেহ, পার্কের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীরাই খুন করেছে পাড়ার চেলে রমজানকে।
পুলিশ ঘটনার তদন্ত করলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশি তদন্তের কম্পাস ঘুরছে পার্কের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীদের দিকেই। আশঙ্কা করা হচ্ছে, বাক – বিতণ্ডার জের ধরেই রমজান আলীকে খুন করেছে দুষ্কৃতীরা।

