ডেস্ক রিপোর্টার,৮ জুলাই।।
রাজ্যের রাষ্ট্রপতি কালার্স পদক প্রাপক পুলিশের ঘোর অপমান। হিন্দি সিনেমার কায়দায় রাজপথ দিয়ে TRO 3M -0775 নম্বরের একটি কারের বনেটে করে ট্রাফিক এএসআই বিপ্লব দত্তকে তুলে নিয়ে গেলো এক চালক। ঘটনা বুধবার বিকালে শহরের ব্যস্ততম বটতলাতে। সেখান থেকে ব্যস্ততম রাস্তা দিয়ে বটতলা ফাঁড়ির বুক চিরে চালক ট্রাফিক এএসআইকে গাড়ির বনেটে করে নিয়ে যায় পশ্চিম প্রতাপগড় স্টিলফুট ব্রিজ সংলগ্ন সড়কে। সেখানে সজোরে ব্রেক কষে এএসআই বিপ্লব দত্তকে রাস্তায় ফেলে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। এখন পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারে নি শহরের বীরপুঙ্গব পুলিশ। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পশ্চিম থানায় দায়ের করা হয়েছে মামলা। জানিয়েছেন ট্রাফিক ডিএসপি দুলাল দত্ত।প্রসঙ্গত, গত বছর দুয়েক আগেও পীযুষ ঘোষ নামে একজন ট্রাফিক কনস্টেবলকে ট্রাকে করে অপহরণ করেছিলো চালক। অবশ্যই পরে তাকে উদ্ধার করা হয়েছিলো।

বুধবার বিকালে ঘটনায় বরাত জুড়ে বেচে যান ট্রাফিক এএসআই বিপ্লব দত্ত। কিন্তু শহর চক্কর কেটে কারের বনেটে করে চালক বিপ্লব দত্তকে নিয়ে গেলেও রাস্তায় তাকে আটক করতে পারে নি পুলিশ। রাজপথে আছে সিসি ক্যামেরা। আইটি ভবনে আছে সার্ভার। তারপরও এতো বড় ঘটনা কিভাবে সংঘটিত করতে পারলো কারের চালক। কোথায় ছিলো পুলিশের ওয়ারলেস। বটতলা ফাঁড়ির নাক ঘষে ট্রাফিক এএসআইকে বনেটে করে নিয়ে যায় চালক। তখন কোথায় ছিলো বটতলা ফাঁড়ির পুলিশ? উঠছে প্রশ্ন। আসলে বৃষ্টিস্নাত বিকালে ফাঁড়ির পুলিশ বাবুরও আরমোড়া দিয়ে বসে ছিলেন আরাম কেদারায়। তাই তারাও ঘটনা আঁচ করতে পারে নি। সাবাস পুলিশ, সাবাস। তোমরাই আবার নিরাপত্তা দেবে সাধারণ মানুষকে? যারা নিজেদের নিরাপত্তা দিতে ব্যর্থ। ছিঃছিঃ, এটা রাজ্য পুলিশের লজ্জা।

