Oplus_16908288

ডেস্ক রিপোর্টার, ১৪ জুলাই।।
         দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন সোনম ওয়াংচুক। কিন্তু নিশ্চুপ ভারত সরকার। একই অবস্থা দিল্লি সরকারেরও। আন্দোলনকারীদের দাবিগুলির মধ্যে অন্যতম, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সিজেপি এই দাবিতে অনশন আন্দোলন শুরু করলেও, তাতে কোনো কর্ণপাত করে নি কেন্দ্রীয় সরকার। টানা অনশন আন্দোলন চলা অবস্থায় অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়েছেন সমাজ কর্মী সোনম ওয়াংচুক।
রাজনীতিকরা বলছেন , ঘুর পথে মোদী সরকার ককরোচ জনতা পার্টির অনশন আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে। তার জন্যই অনশন মঞ্চের সামনে দিল্লী পুলিশ ক্যামেরা বসিয়ে দিয়েছে।এই অনশন মঞ্চে কে বা কারা আসছেন তা দেখার জন্যই দিল্লি পুলিশের এই ক্যামেরার ব্যবহার। ক্যামেরা খোলার জন্য পুলিশের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 
      যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির অনশন আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন দেশের বাম নেতৃত্ব। ইতিমধ্যে ত্রিপুরা সিপিএমের সম্পাদক সহ কয়েকজন বাম কেন্দ্রীয় নেতৃত্ব দিল্লির যন্তর মন্তর অনশন মঞ্চে গিয়েছেন। কথা বলেছেন সোনম ওয়াংচুক ও অভিজিৎ দীপকের সঙ্গে। কেরলের বাম নেতারাও গিয়েছেন। সিজেপি – র আন্দোলনকে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসও।
সবচেয়ে অবাক করার মত বিষয়, কোন এক রহস্যজনক কারণে সোনম ওয়াংচুক ও অভিজিৎ দীপকের অনশন আন্দোলন নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন দেশের বিরোধী দলনেতা তথা কংগ্রেস আইকন রাহুল গান্ধী। তিনি এখন পর্যন্ত অনশন আন্দোলন মঞ্চে যান নি। বা এই আন্দোলনকে সমর্থন করছেন বলেও কোনো মন্তব্য করেননি।দেখা নেই উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ সংসদের বিরোধী বেঞ্চের তাঁবড় নেতাদের। দেশের এই সমস্ত বিরোধী দলের নেতারা সংসদে মোদী সরকারের আদ্যা শ্রাদ্ধ করে থাকেন। কিন্তু তারা এখন পর্যন্ত দাঁড়ান নি সোনম- অভিজিৎদের পাশে।ককরোচ জনতা পার্টির আন্দোলন মঞ্চের প্রতি বিরোধীদের বিমুখতা নিয়ে প্রশ্ন তুলছে দেশের সাধারণ মানুষ। করছে ছিঃ ছিঃ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *